নির্ধারিত সময়ের আগেই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, নাম খুঁজবেন কীভাবে ?
দুপুর 2টো নাগাদ তালিকা প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন সিইও ৷ তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই প্রকাশিত হল তালিকা ৷

Published : February 28, 2026 at 1:05 PM IST
|Updated : February 28, 2026 at 4:15 PM IST
কলকাতা, 28 ফেব্রুয়ারি: অবশেষে প্রতীক্ষার অবসান ৷ শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আগে জানিয়েছিলেন, শনিবার দুপুর 2টোয় প্রকাশিত হবে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা ৷ তবে বাস্তবে দেখা গেল, নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই প্রকাশিত হল স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) 2026-এর পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা ।
কমিশন সূত্রের খবর, এদিন বেলা সাড়ে 11টার পর বাঁকুড়া, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন জেলায় জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) এর কার্যালয়ের সামনে এসআইআর এর তালিকা প্রকাশ করা হয়েছে ৷ একইভাবে বেশ কিছু জায়গায় ব্লক এবং মহকুমা শাসকের অফিসেও সেই তালিকা ঝুলিয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে ।
কমিশন সূত্রের দাবি, প্রকাশিত তালিকায় মোট প্রায় 7 কোটি 8 লক্ষ ভোটারের নাম রয়েছে । শুধু মোট ভোটারের সংখ্যা নয়, তালিকায় রয়েছে খুঁটিনাটি পরিসংখ্যানও । এ ব্যাপারে বৃহস্পতিবার কমিশন জানিয়েছিল, একসঙ্গে নয়, তিনটি আলাদা বিভাগে ('অ্যাপ্রুভড', 'ডিলিটেড' এবং 'আন্ডার অ্যাডজুডিকেশন') ভোটার তালিকা প্রকাশিত হবে ৷
তালিকার প্রতিটি ক্ষেত্রে উল্লেখ রয়েছে— কত জনের নাম সংযুক্ত করা হয়েছে, কত জনের নাম বাদ দেওয়া হয়েছে এবং কতগুলি আবেদন এখনও ‘অ্যাডজুডিকেশন’-এ রয়েছে । পাশাপাশি তালিকায় উল্লেখ করা হয়েছে এসআইআর শুনানিতে কত জন অনুপস্থিত ছিলেন, কত জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি এবং কত জন সঠিক তথ্য না দেওয়ায় তাঁদের নাম বাদের তালিকায় রাখা হয়েছে ।
এক ক্লিকেই জেনে নিন আপনার নাম আছে কিনা
চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে । এগুলি হল-
https://www.eci.gov.in/https:// ceowestbengal.wb.gov.in/https://ecinet.eci.gov.in/homepage
এর পাশাপাশি রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছেও পাঠানো হবে কপি । সব মহকুমা শাসকের দফতর ও ব্লক স্তরের অফিসেও রাখা থাকবে ভোটার তালিকা ।
ওয়েবসাইট ক্র্যাশ করলে?
একসঙ্গে বহু ভোটার এই ওয়েবসাইটগুলিতে নিজেদের নাম খুঁজে পাওয়ার চেষ্টা করলে ওয়েবসাইট ক্র্যাশ করার সম্ভাবনা কি থাকবে? এই বিষয় কমিশনের পক্ষ থেকে শুক্রবারই অস্বস্ত করা হয়েছে যে মাল্টিপল সার্ভার কাজ করছে তাই এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম । তবুও যদি তেমনটা হয় সেই ক্ষেত্রে খুব দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে ৷

