ETV Bharat / state

খসড়াতে নাম ছিল, শুনানিতেও ডাক পড়েনি ! অথচ ভোটার তালিকায় বাদ

পরিবারের সবার চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেও বাদ পড়েছে আসানসোল বিধানচন্দ্র কলেজের কর্মী উদয় মুখোপাধ্যায়ের নাম ।

ETV BHARAT
চূড়ান্ত ভোটার তালিকায় নাম না-থাকায় বিস্মিত কলেজকর্মী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 2:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 1 মার্চ: এসআইআর চলাকালীন খসড়া ভোটার তালিকায় তাঁর নাম ছিল বলে দাবি । শুনানিতেও নাকি কোনও ডাক পাননি । তারপরেও পরিবারের সবারই নাম থাকলেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে আসানসোল বিধানচন্দ্র কলেজের কর্মী উদয় মুখোপাধ্যায়ের নাম ।

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হীরাপুরের শ্যামবাঁধ এলাকায় কয়েক দশক ধরে সপরিবারে বসবাস উদয় মুখোপাধ্যায়ের । বেশ কয়েকটি নির্বাচনে তিনি নির্বাচন কমিশনের হয়ে ভোটের কাজও করেছেন বলে জানিয়েছেন । তারপরও কীভাবে তাঁর নাম বাদ গেল তা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন উদয় । উদয়ের দাবি তৃণমূল কর্মী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে এলাকায় । সেই কারণেই তাঁর নাম ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে ।

চূড়ান্ত ভোটার তালিকায় নাম না-থাকায় বিস্মিত কলেজকর্মী (নিজস্ব ভিডিয়ো)

একসময় তৃণমূল কংগ্রেসের ছাত্র আন্দোলনে পরিচিত মুখ উদয় মুখোপাধ্যায় । আসানসোল বিধানচন্দ্র কলেজের জিএস ছিলেন । সেই কলেজেই বর্তমানে চাকরি করছেন । আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হীরাপুর ব্লকের শ্যামবাঁধ এলাকায় পারিবারিক সূত্রে তিনি স্থায়ী বাসিন্দা । সেখানকারই ভোটার । সেই উদয় মুখোপাধ্যায়ের নাম এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে । আর তাতেই তিনি হতবাক ৷

উদয় মুখোপাধ্যায় বলেন, "আমি নির্ভুলভাবে এন্যুমারেশন ফর্ম জমা দিয়েছিলাম । খসড়া তালিকা যখন বেরিয়েছে, আমার নাম ছিল । আমাকে শুনানিতেও ডাকা হয়নি । কোনও নোটিশ পাইনি । অথচ যখন চূড়ান্ত পর্যায়ের তালিকা বের হল, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমার স্ত্রীর নাম আছে । শুধু আমার নামটা দেখছি যে নেই । সেখানে বিএলও-র সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে । আমি তখন বিএলওকে ফোন করলে উনি বলেন, তোমার নামটা ডিলিট হয়ে গিয়েছে । তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান । আমার ছবির উপরে লেখা আছে 'ডিলিট'।"

এই ঘটনায় বিস্মিত হয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন উদয় । তিনি বলেন, "আমি একজন কলেজের কর্মী । আমাকে ইলেকশন কমিশন ভোটের কাজে ব্যবহৃত করে । আমি 2014 সাল থেকে লোকসভা, বিধানসভা ভোটে ডিউটি করেছি । আমি একজন বৈধ ভোটার । আমার 1982 সালের ঘরের দলিল । 1989 সালে আমার জন্ম । আমি স্থায়ী বাসিন্দা । আমার পড়াশোনাও বার্নপুরে । আমার স্কুল-কলেজ বার্নপুরে । আমি অবাক হয়ে যাচ্ছি । নির্বাচন কমিশন কি তবে কোনও রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে কাজ করছে ?

উদয় বলেন, "আমাকে হিয়ারিং-এও ডাকা হয়নি । আমি প্রত্যেকদিন বিএলও-র সঙ্গে প্রত্যহ যোগাযোগে ছিলাম । উনিও বলেছিলেন আমার ক্ষেত্রে কোনও অসুবিধা নেই । কিন্তু তারপরও দেখছি যে, আমার নাম ডিলিট । আমি অবাক হয়ে গেছি ।" উদয় প্রশ্ন তুলেছেন, "আমি কাল থেকে মানসিক অবসাদে ভুগছি । তাহলে কি আমি ভোট দিতে পারব না ?"