ETV Bharat / state

'অবশেষে খাঁচা ভেঙে' হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন 'আগুনপাখি' নচিকেতা

আগামী সপ্তাহ থেকে হয়তো শিল্পী মঞ্চে ফিরতে পারেন । হাসপাতাল থেকে ছুটি পাওয়ার খবর নিজেই সমাজ মাধ্যমে জানান নচিকেতা ৷

ETV BHARAT
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা (ছবি: সমাজ মাধ্যম)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 12, 2025 at 4:18 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 ডিসেম্বর: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী । শুক্রবার তাঁকে ছেড়েছে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল । তবে হাসপাতাল থেকে ছুটি মিললেও বাড়িতে কিছুদিন 'আগুনপাখি'কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । পাশাপশি নিয়মিত খাওয়া-দাওয়াও করতে হবে তাঁকে । হয়তো আগামী সপ্তাহ থেকে মঞ্চে ফিরতে পারেন শিল্পী । শুক্রবার নিজের সমাজ মাধ্যমের প্রোফাইলে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার খবর নিজেই জানিয়েছেন নচিকেতা ৷

তিনি হাসপাতাল থেকে বেরনোর একটি ছবি পোস্ট করেছেন ৷ সেখানে হাসপাতালের চিকিৎসক ও তাঁর কয়েকজন অনুগামীদের সঙ্গে দেখা গিয়েছে শিল্পীকে ৷ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "অবশেষে খাঁচা ভেঙে"।

কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না সঙ্গীতশিল্পীর । সূত্রের খবর, তাঁর হাত-পা ফুলে গিয়েছিল । ব্লাড সুগারের সমস্যা রয়েছে নচিকেতার ৷ শনিবার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন তিনি । তখনই অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায়, তাঁর হার্টে ব্লকেজ রয়েছে । একদিনও দেরি না-করে হার্টের সমস্যার কারণে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় । তাঁর শরীরে দুটি স্টেন্ট বসানো হয়েছে । তিনি স্থিতিশীল ও বিপদমুক্ত ছিলেন বলে জানান চিকিৎসকরা । তবে, পর্যবেক্ষণের জন্য আরও দু’দিন তাঁকে হাসপাতালেই রাখা হবে বলে জানানো হয় ।

তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে গিয়ে তাঁর 'ভাই'-এর চিকিৎসা কেমন চলছে সেই বিষয়ে খোঁজ খবর নেন তিনি । সূত্রের খবর, শিল্পীকে হালকা স্বরে শাসনও করে এসেছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি নচিকেতাকে নিয়মিত খাওয়া-দাওয়ার পরামর্শও দিয়ে এসেছেন তিনি । গত সোমবারই শিল্পীকে জেনারেল বেডে দেওয়া হয় । জানা গিয়েছে, হাসপাতালে বইপত্র নিয়েই মজে ছিলেন একসময়ে জীবনমুখী গানের অন্যতম প্রচারক ৷

এদিকে, শহরে লেগেছে শীতের হওয়া । আর কড়া ঠাণ্ডা মানেই চারিদিকে একাধিক অনুষ্ঠানের আয়োজন ৷ প্রতি বছরের মতো এইবারও নচিকেতা চক্রবর্তীর একাধিক অনুষ্ঠান রয়েছে । রবিবার তাঁর আসানসোলে একটি অনুষ্ঠান ছিল । ঘটনাচক্রে সেটি বাতিল করতে হয়েছে । বর্তমানে নচিকেতার বয়স 61 বছর । তবে বয়স বাড়লেও তাঁর কণ্ঠের জাদু আজও শ্রোতাদের সমানভাবে মুগ্ধ করে । তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা সোশাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন । কিছুদিন বিশ্রামের পর আবারও সুস্থভাবে মঞ্চে ফিরবেন গায়ক - এই আশাতেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা । চিকিৎসকের পরামর্শ মেনে চললে, তিনি আগামী সপ্তাহেই মঞ্চে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে ৷