হাসপাতালে নচিকেতা, বসল দুটি স্টেন্ট; আপাতত স্থিতিশীল গায়ক
গত কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না ৷ চিকিৎসকরে পরামর্শে শনিবার ভর্তি হন বাইপাসের ধারের একটি হাসপাতালে ৷ আপাতত সুস্থ গায়ক ৷

Published : December 7, 2025 at 4:51 PM IST
কলকাতা, 7 ডিসেম্বর: হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন নচিকেতা চক্রবর্তী ৷ শনিবার রাতে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে ৷ সূত্রের খবর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁর হৃদযন্ত্রে দুটি সেন্টও বসানো হয়েছে ৷ আপাতত তিনি সুস্থ আছেন ৷ চিকিৎসকদের একাংশ মনে করছেন, জীবনের সঙ্কট কাটিয়ে উঠেছেন বাংলা গানের 'আগুন পাখি' ৷
জনপ্রিয় গায়কের শরীর গত কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না ৷ ফুলে গিয়েছিল হাত-পা। এমনিতেই সুগারের সমস্যায় ভোগেন। এমতাবস্থায় শনিবার রাতে বাইপাস ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যান নচিকেতা। শরীরে কী কী সমস্যা দানা বেঁধেছে তা বুঝতে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ তখনই হার্টে ব্লকেজ ধরা পড়ে ৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে গায়ককে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ সম্মত হয় পরিবার ৷ চিকিৎসা শুরু করে অ্যাঞ্জিওপ্লাস্টি করেন চিকিৎসকরা। বসানো হয় দুটি স্টেন্ট।
শীতের মরসুম শুরু হতে পরপর লাইভ অনুষ্ঠানে ব্যস্ত নচিকেতা। এদিনও আসানসোলে একটি অনুষ্ঠান ছিল তাঁর। সেটি বাতিল হয়েছে। তবে গায়কের অসুস্থতা নিয়ে এখনও পর্যন্ত তাঁর পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বয়স বাড়লেও তাঁর কণ্ঠের জাদু আজও শ্রোতাদের সমানভাবে মুগ্ধ করে। নচিকেতা-সহ আরও কয়েকজনের হাত ধরে এসেছিল বাংলা গানের জীবনমুখী পর্ব ৷ নীলঞ্জনা থেকে পৌলমি কিংবা অনির্বাণ থেকে পাগলা জগাই- নচিকেতার সৌজন্যে এরা সকলেই বাঙালির খুব কাছের চরিত্র হয়ে উঠেছে ৷ অন্য অনেক মণিমুক্তোর মধ্যে তাঁর 'বৃদ্ধাশ্রম' গানটি সমাজের এক নিদারুণ সত্যকে প্রকাশ্যে নিয়ে আসে ৷
বেশ কয়েকবছর আগে লেখা তাঁর 'পেসমেকার' গানটি একসময়ে অসম বয়সের প্রেমের সমার্থক হয়ে উঠেছিল ৷ প্রেমে পড়তে যে সত্যি বয়স লাগে না বা উনিশ-বিশ মনে থাকে না তা মনে করিয়ে দিয়েছিলেন গায়ক ৷ এই গানে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রসঙ্গও এনেছিলেন গায়ক ৷ এবার তাঁর হৃদযন্ত্রেই ধরা পড়ল ব্লকেজ !
বাংলার গানের শ্রোতাদের কাছে তিনি 'আগুন পাখি' ৷ ফিনিক্সের মতো বারবার অন্ধকার থেকে আলোয় এসে নিজের সেরাটা উপহার দিয়েছেন ৷ চমকে দিয়েছেন আট থেকে আশিকে ৷ এ হেন শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তে ভক্তরা সোশাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করছেন। কিছুদিন বিশ্রামের পর তিনি আবারও সুস্থভাবে মঞ্চে ফিরবেন-এই আশাতেই অপেক্ষায় রয়েছেন সবাই।

