ETV Bharat / state

সেবক রোডের নামী মিষ্টির দোকানের কারখানা মাছি-পোকার সাম্রাজ্য, সিল করলেন পুর-কমিশনার

নাম করা মিষ্টির দোকানে হানা দিয়ে চক্ষু চড়কগাছ শিলিগুড়ির পুর কমিশনারের ৷ অপরিষ্কার, অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে মিষ্টি ৷ সিল করল পুরনিগম ৷

Siliguri Sweet Shop Seal Incident
শিলিগুড়িতে নামী মিষ্টি তৈরির কারখানায় পুর হানা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 29, 2026 at 9:50 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 29 অগস্ট: ঝলমলে শোরুম, বাহারি আলো আর লোভনীয় বিজ্ঞাপনের হাতছানি ! এদিকে পর্দার আড়ালে তৈরি হওয়া মিষ্টির আসল সত্যটা যে এতটা অমানবিক ও বিপজ্জনক হতে পারে, তা চোখে না-দেখলে বিশ্বাস করা কঠিন ৷

শিলিগুড়ির সেবক রোডের এক অত্যন্ত জনপ্রিয় ও নামী মিষ্টি প্রস্তুতকারী সংস্থার কারখানায় ঢুকে ঠিক এই প্রশ্ন তুললেন পুরসভার আধিকারিকরা, "যে ব্র্যান্ডের মিষ্টি পরম নিশ্চিন্তে সবাই পরিবার ও শিশুদের মুখে তুলে দিচ্ছেন, তা আদৌ খাওয়ার যোগ্য তো, নাকি বিষের সমান ?"

মিষ্টির তৈরির কারখানায় মরা মাছি, নর্দমার পচা গন্ধ (ইটিভি ভারত)

​মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট ও কঠোর নির্দেশের পরই নড়েচড়ে বসেছে শিলিগুড়ি পুরনিগম ৷ শহরের অলিতে-গলিতে বিক্রি হওয়া খাবারের মান ও স্বাস্থ্যবিধি বজায় থাকছে কি না, তা খতিয়ে দেখতে পুর কমিশনার বীর বিক্রম রাইয়ের নেতৃত্বে মাঠে নেমেছে বিশেষ এনফোর্সমেন্ট টিম ৷

এই অভিযানের অঙ্গ হিসেবে সেবক রোডের ওই ঐতিহ্যবাহী ও নাম করা মিষ্টির কারখানায় ঝটিকা হানা দেন আধিকারিকরা ৷ কিন্তু সেখানে পা রাখতেই পুর প্রতিনিধিদলের চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় !

মিষ্টি তৈরির কাঁচামালে ​মাছি-পোকা, পচা নর্দমার গন্ধ

কারখানার ভিতরে পা রাখতেই নাকে আসে অসহ্য দুর্গন্ধ ৷ প্রথমে মিষ্টির বিভিন্ন নমুনা (স্যাম্পল) সংগ্রহের পর আধিকারিকরা সোজা চলে যান মিষ্টি তৈরির কাঁচামাল মজুত রাখার ঘরে ৷ সেখানে উন্মোচিত হয় ভয়াবহ ছবি ! দেখা যায়, মিষ্টি তৈরির প্রধান উপাদান— যেমন ঘি, ময়দা ও বেসনের ড্রাম এবং বস্তার ভিতরে কিলবিল করছে পোকা, উপচে পড়ছে মরা মাছি !

ওই ভেজাল ও নোংরা উপাদান দিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে রসগোল্লা, সন্দেশ ও নানা মুখরোচক মিষ্টি ৷ আরও দুর্ভাগ্যজনক, কারখানার ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি ঢাকনাহীন পচা নর্দমা ৷ স্বভাবতই তার উপর দিয়ে মাছি ভনভন করছে ৷ নর্দমার ঠিক পাশে রাখা আছে থরে থরে সাজানো কাঁচা ও আধপাকা মিষ্টি !

এদিকে এই নামী দোকানের মিষ্টি কিনতে ভিড় উপচে পড়ে দোকানে ৷ মিষ্টি কিনে নিশ্চিতে তা উপভোগ করে খাচ্ছেন শিশু থেকে বৃদ্ধ- সব বয়সিরা ৷ সেই সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই দৃশ্য দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন পুর কমিশনার ৷ পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, কোনও কারণ দর্শানোর সুযোগ না-দিয়ে তাৎক্ষণিকভাবে কারখানাটি সম্পূর্ণরূপে সিল করে দেওয়ার নির্দেশ দেন বীর বিক্রম রাই ৷

​সংবাদমাধ্যমে বীর বিক্রম রাই বলেন, ​"রাজ্য সরকারের সাম্প্রতিক স্বাস্থ্য নির্দেশিকা মেনেই আমাদের এই বিশেষ অভিযান চালু হয়েছে ৷ শহরের এত বড় এবং সুপরিচিত একটি ব্র্যান্ডের উৎপাদন কেন্দ্রে এসে যে ধরনের ভয়াবহ ও অমানবিক পরিবেশ আমরা দেখলাম, তা ভাষায় প্রকাশের বাইরে ৷ কাঁচামাল বলে যা ব্যবহার করা হচ্ছে, তাতে গিজগিজ করছে পোকা ও মাছি, আর পরিবেশটা চূড়ান্ত বিষাক্ত ৷ মানুষের স্বাস্থ্য ও জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনওভাবে বরদাস্ত করা হবে না ৷ তাই কারখানাটি তৎক্ষণাৎ সিল করে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ শহরের মিষ্টির দোকান থেকে শুরু করে যেকোনও খাবার কারখানায় স্বাস্থ্যবিধি বজায় রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে পুরনিগমের এই কঠোর অভিযান আগামী দিনে আরও বড় মাপে ও লাগাতার চলবে ৷"

unhygienic sweet making factory sealed in siliguri
মিষ্টির তৈরির কারখানায় মরা মাছি (ইটিভি ভারত)

​শহরজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ

এই কাণ্ড জনসমক্ষে আসতেই শিলিগুড়ি শহরজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক ও অসন্তোষ ৷ যে নামী দোকানের উপর চোখ বন্ধ করে ভরসা করতেন শহরবাসী, সেই ব্র্যান্ডের পিছনেই যে এমন মারাত্মক প্রতারণা ও নোংরামি লুকিয়ে রয়েছে, তা মেনে নিতে পারছেন না কেউ ৷ খাদ্যের গুণমান রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুরনিগমের এই পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয়রা দাবি তুলছেন— শুধু কারখানা সিল নয়, বেপরোয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিক প্রশাসন ৷