ETV Bharat / state

SIR ফর্মে বাবা রামকৃষ্ণ-মা সারদা ! সন্ন্যাসীকে তলব শুনানিতে

শুনানিতে শিষ্যকে নিয়ে মহকুমাশাসকের অফিসে হাজির হন ওই সন্ন্যাসী ৷ তাঁর সঙ্গে ছিল প্যানকার্ড, আধারকার্ড থেকে পাসপোর্টও ৷

SIR hearing
এসআইআর ফর্মে বাবা রামকৃষ্ণ ও মা সারদার নাম উল্লেখ করে বিপাকে সন্ন্যাসী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 31, 2025 at 3:49 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 31 ডিসেম্বর: বাবা রামকৃষ্ণ দেব । মা সারদা । এসআইআর ফর্মে এমন তথ্য দিয়ে বিপাকে পড়তে হল এক সন্ন্যাসীকে । সেজন্য মঙ্গলবার শিলিগুড়িতে নির্বাচন কমিশনের শুনানিতে হাজিরা দিতে হল তাঁকে ।

ওই সন্ন্যাসীর নাম স্বামী রাঘবানন্দ পুরি । দুই দশকেরও বেশি সময় ধরে শহরের প্রধাননগরে বাঘাযতীন কলোনিতে রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে বাস করেন ওই সন্ন্যাসী । সংশ্লিষ্ট এলাকার বুথ নম্বর 27 । তা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে ।

SIR hearing
সন্ন্যাসীকে তলব এসআইআর শুনানিতে (নিজস্ব ছবি)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই সন্ন্যাসীর এন্যুমারেশন ফর্মে বাবা হিসেবে রামকৃষ্ণ দেব এবং মাতা হিসেবে সারদামণিদেবীকে উল্লেখ করেছেন । এজন্যই এসআইআর-এর শুনানিতে ওই সন্ন্যাসীকে তলব করা হয় । বুধবার দুপুরে তিনি এক শিষ্যকে নিয়ে মহকুমাশাসকের অফিসে যান । সঙ্গে প্যানকার্ড, আধারকার্ড, পাসপোর্ট প্রভৃতি নথি নিয়ে ছিল তাঁর । আর ওই সমস্ত নথিতেই তাঁর পিতা হিসেবে রামকৃষ্ণদেব ও মাতা হিসেবে সারদামণিদেবীর নাম উল্লেখ রয়েছে ।

শুনানির পর ওই সন্ন্যাসী স্বামী রাঘবানন্দ পুরি বলেন, "কমিশনের কাছে সমস্ত নথি দাখিল করেছি । এখন তারা ভোটার তালিকায় নাম রাখলে রাখবে । না রাখলে কিছু করার নেই ।"

তাঁর শিষ্য বেদব্রত দত্ত বলেন, "সংসার ত্যাগের পর বীরজা হোম করে সন্ন্যাস গ্রহণ করেন উনি । এজন্য নিজের অন্ত্যোষ্টি ক্রিয়া করেছেন তিনি । এরপর স্বামী রাঘবানন্দ পুরি নাম গ্রহণ করে রামকৃষ্ণদেবকে পিতা ও সারদামণিদেবীকে মাতা হিসেবে মানছেন । 2002 সাল থেকে তিনি এখানে আছেন । এখানে চারবার ভোট দিয়েছেন । তাঁকে শুনানিতে ডেকে হয়রানি করেছে কমিশন । এটা মানা যায় না ।"

SIR hearing
তিনি শিষ্যকে নিয়ে হাজির হন মহকুমাশাসকের অফিসে (নিজস্ব ছবি)

সংশ্লিষ্ট বুথের বিএলও মনীষা গোস্বামী বলেন, "ওই সন্ন্যাসী এন্যুমারেশন ফর্মে 2002 সালের তথ্য উল্লেখ করেননি । এজন্য তাঁর নাম ম্যাপহীন অবস্থায় ছিল । তবে তাঁর 1981 সালে জন্ম । কমিশনের নির্ধারিত 13টি নথির মধ্যে একটি তিনি দেখিয়েছেন । তাঁর সমস্যা মিটবে বলেই আশা করছি ।"

তৃণমূল নেতা বেদব্রত বলেন, "বাংলার মণীষী, বিপ্লবী, দেশের জাতীয় গান বন্দেমাতরম, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করেছে কেন্দ্রীয় সরকার । এখন বিজেপির হাতের 'কাঠ পুতুল' আমাদের রামকৃষ্ণদেব ও সারদা মা'কে চেনে না । কাজেই সন্ন্যাসীকে শুনানিতে ডেকে অপমান করেছেন । এজন্য ওদের ধিক্কার জানাই । এর থেকেই স্পষ্ট মুখে ধর্ম, সনাতনী শব্দ আওড়ালেও গেরুয়া পার্টি কার্যত হিন্দু সন্ন্যাসীদের বিরুদ্ধে ।"

SIR hearing
সন্ন্যাসীর এসআইআর ফর্ম (নিজস্ব ছবি)

যদিও মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই । বিদায়ঘণ্টা বেজে যাওয়ায় তৃণমূল সর্বত্র বিজেপি ভূত দেখছে । আইন অনুসারেই সন্ন্যাসীকে শুনানিতে ডেকেছে কমিশন । এনিয়ে আপত্তির কিছু নেই । আর সন্ন্যাসী, আধ্যাত্মিকদের নাম ভোটার তালিকায় না থাকলেও চলে ।"