ETV Bharat / state

'আমি একদিন সরকার চালাব', পুলিশ কর্তাকে হুমকি বিজেপি বিধায়কের !

যদিও পালটা তৃণমূলের কটাক্ষ, এসব অহংকারে বলছেন বিধায়ক । সংবাদ শিরোনামে থাকতে চাইছেন তিনি ।

BJP MLA Shankar Ghosh
পুলিশের সঙ্গে বচসা বিধায়ক শঙ্কর ঘোষের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 6:28 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 25 ফেব্রুয়ারি: শহরের রেস্তরাঁ, খাবারের হোটেলে একাধিক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের আধিকারিকের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ । রীতিমতো পুলিশকে হুমকির সুরে তাঁকে বলতে শোনা গেল, "আমি একদিন সরকার চালাব । আপনি নিজেকে কী মনে করেন !" আর তার এই বক্তব্যর পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে ।

মূলত, প্রতি শুক্রবার শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন খাবারের দোকান, হোটেল থেকে রেস্তরাঁয় অভিযান চালাচ্ছে । তার জন্য তৈরি করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স । এদিকে, শিলিগুড়ি শহরজুড়ে একের পর এক রেস্তরাঁ, হোটেল গজিয়ে উঠছে । কিন্তু সেই রেস্তরাঁগুলোর রান্নাঘরের অবস্থা দেখলে রীতিমতো আঁতকে ওঠেন আধিকারিকরা । গত শনিবার শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার খাদ্য দফতরের অভিযানে এক রেস্তরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হয় দীর্ঘদিন ধরে রাখা পচা মাংস ও বাসি রান্না করা খাবার । পদক্ষেপও করা হয় প্রশাসনের তরফে । কিন্তু কিছুদিন ধরে শিলিগুড়িতে খাদ্য দফতরের অভিযান কিছুটা শিথিল ছিল বলে অভিযোগ । আর সেই সুযোগে শহরের একাধিক রেস্তরাঁ খাদ্য সুরক্ষা বিধি কার্যত ধুলোয় উড়িয়ে ব্যবসা করছিল বলে দাবি স্থানীয়দের ।

পুলিশ কর্তাকে হুমকি বিজেপি বিধায়কের (নিজস্ব ভিডিয়ো)

দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতেই শনিবার বিশেষ অভিযান চালায় খাদ্য সুরক্ষা বাহিনী । অভিযানে এক রেস্তরাঁর রান্নাঘরে তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে উদ্ধার হয় পচা মাংস ও দীর্ঘদিন ধরে সংরক্ষিত রান্না করা খাবার । ঘটনায় রীতিমতো চক্ষু চড়কগাছ আধিকারিকদের । সংশ্লিষ্ট দোকান মালিককে জরিমানা করার পাশাপাশি কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে । শুধু রেস্টুরেন্টই নয়, ওই এলাকার একটি নামী মিষ্টির দোকানের কারখানাতেও অভিযান চালানো হয় । সেখান থেকেও বিপুল পরিমাণ বাসি ও পচা খাদ্যসামগ্রী উদ্ধার হয় বলে দফতর সূত্রে খবর ।

এদিকে, এই ঘটনার পর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বুধবার সরাসরি খাদ্য সুরক্ষা দফতরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করেন । শহরজুড়ে নিয়মিত ও কড়া অভিযান চালানোর দাবি জানান তিনি । ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধ না-হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন বিধায়ক । শহরের খাদ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ।

BJP MLA Shankar Ghosh
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (নিজস্ব ছবি)

খাদ্য সুরক্ষা বিভাগে দেখা কর‍তে গেলে অফিসের সামনে পুলিশি নিরাপত্তা দেখে ক্ষোভ প্রকাশ করেন শঙ্কর ঘোষ । তিনি বলেন, "যেখানে পুলিশের দরকার সেখানে পুলিশকে পাওয়া যায় না । শহরে একাধিক অসামাজিক কার্যকলাপ বাড়ছে । আর পুলিশ ঘুমায় । মনে রাখবেন একদিন সরকার চালাব আমি ।"

বিজেপি বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস ৷ শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "এসব অহংকারে বলছেন বিধায়ক । তাঁর এইসব কথায় কোনও কিছু যাবে আসবে না । আর পুরনিগম নিয়মমাফিক অভিযান চালাচ্ছে । এসব বলে সংবাদ শিরোনামে থাকতে চাইছেন তিনি ।"