মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ! পুড়ে ছাই বাড়ি-পোশাকের দোকান, দগ্ধ কিশোর-সহ 3
শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

Published : July 4, 2026 at 1:13 PM IST
আসানসোল, 4 জুলাই: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পোশাকের দোকান । ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে ৷ দোকান লাগোয়া একটি তিনতলা বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় একই পরিবারের কিশোর-সহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল-চিত্তরঞ্জন সংযোগকারী সামডি রোড এলাকার বাসিন্দা উদয় ঘোষের তিনতলা বাড়ির নিচের অংশে একটি বড় কাপড়ের দোকান ছিল । শুক্রবার গভীর রাত, প্রায় দেড়টা নাগাদ হঠাৎই ওই দোকানে আগুন লাগে ৷ অল্প সময়ের মধ্যেই ওই আগুন ভয়াবহ আকার ধারণ করে ৷ পুরো দোকানটিকে গ্রাস করে । কয়েকমাস পরেই দুর্গাপুজো থাকায় দোকানে বিপুল পরিমাণ নতুন পোশাক ও অন্যান্য সামগ্রী মজুত করা হয়েছিল । দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী মূহুর্তে পুড়ে ছাই হয়ে যায় ।
অন্যদিকে আগুন তখন বাড়িটির উপরতলাতেও পৌঁছে যায় । ঘুম থেকে উঠে আগুন দেখতে পেয়ে উদয় ঘোষ ভিতরের দিকের দরজা খুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই আগুনের তীব্র তাপে তিনি এবং তাঁর স্ত্রী মারাত্মকভাবে দগ্ধ হন । তাঁদের দু'জনেরই পা থেকে হাঁটু পর্যন্ত পুড়ে গিয়েছে । আগুনে তাঁদের 12 বছরের ছেলের একটি হাতও গুরুতরভাবে জখম হয়েছে ।
খবর পেয়ে দ্রুত সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাড়ির ছাদে আটকে থাকা পরিবারের সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয় । পরে আহত তিনজনকে প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন । বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ।

স্থানীয় বাসিন্দা অভিজিৎ বাউড়ি বলেন, "রাতে আগুন লাগে ৷ আমরা এসে নেভানোর চেষ্টা করি প্রথমে ৷ পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ আগুন লেগে দোকানের সমস্ত পোশাক, আসবাবপত্র এবং অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে । পাশাপাশি বাড়িরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।"

এই আগুন শুধুই শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা দেখছে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ । এক পুলিশ আধিকারিক বলেন, "প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে । অন্য কোনও অভিযোগ এখনও পাওয়া যায়নি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।" এই ঘটনার পর ফের সামনে এসেছে রূপনারায়ণপুর এলাকায় স্থায়ী দমকল কেন্দ্রের দাবি । স্থানীয়দের অভিযোগ, আশপাশে দমকল কেন্দ্র না থাকায় দূর থেকে ইঞ্জিন পৌঁছতে সময় লাগে, আর ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় । তাই অবিলম্বে এলাকায় একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন বাসিন্দারা ।

