ভরদুপুরে ভাটপাড়ায় গুলি ! ফিরল আতঙ্কের চেনা ছবি; সরগরম এলাকা
নতুন বছরের প্রথম রবিবার ৷ দুপুরে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ৷ এমন সময় দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে পালিয়ে যায় ৷

Published : January 4, 2026 at 8:59 PM IST
ভাটপাড়া, 4 জানুয়ারি: বছরের শুরুতে ফের ভাটপাড়ায় চলল গুলি ! রবিবার ভরদুপুরে বাইকে করে এসে দুষ্কৃতীরা জনবহুল এলাকায় গুলি চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কেউ হতাহত না-হলেও ঘটনার জেরে এলাকায় ফিরল আতঙ্কের সেই চেনা ছবি ৷ আর কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ তার আগে ভাটপাড়ায় আবারও গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে নানাবিধ প্রশ্ন উঠেছে ৷
গুলি চলার খবর পেয়ে তড়িঘড়ি দলীয় কর্মসূচি থেকে ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিলি দত্ত ও ভাটপাড়ার আইএনটিটিইউসি নেতা অশোক দত্ত ৷ ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি(সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ ৷ তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকাটি ভালো করে ঘুরে দেখেন ৷
ব্যারাকপুর কমিশনারেটের ডিসি(সেন্ট্রাল) ইন্দ্রবদন ঝাঁ বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ গুলি চলার নেপথ্যে সম্ভাব্য সমস্ত কারণই খতিয়ে দেখছি আমরা ৷ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷ তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায় রয়েছে, তাই এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয় ৷" সূত্রের খবর, কিছুদিন আগে এই 6 নম্বর ওয়ার্ডেই দু-দল দুষ্কৃতীর মধ্যে ঝামেলা হয়েছিল ৷ তারই পাল্টা হিসেবে এই শুটআউট কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ৷
নতুন বছরের শুরুতেই গুলি চলার ঘটনায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকা ৷ এলাকার তৃণমূল কাউন্সিলর মিলি দত্তের দাবি, "অন্ততপক্ষে চার রাউন্ড গুলি চলেছে ৷" এদিকে পুলিশের দাবি, "দুষ্কৃতীরা দু-রাউন্ড গুলি চালিয়ে পালিয়েছে ৷" পুলিশ ঘটনাস্থল থেকে দু'টি গুলির খোল উদ্ধার করেছে বলে জানা গিয়েছে ৷
এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর মিলি দত্ত বলেন,"কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয় ৷ এটুকু বলতে পারি এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই ৷ কোনও ব্যক্তিগত সমস্যা কিংবা আক্রোশ থেকে গুলি চলে থাকতে পারে ৷ অসামাজিক কার্যকলাপও থাকতে পারে ৷ সবটাই তদন্তসাপেক্ষ ৷ পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে ৷"
একই সুর শোনা গিয়েছে ভাটপাড়া টাউন-1-এর তৃণমূলের আইএনটিটিইউসি'র সভাপতি অশোক দত্ত'র গলায় ৷ তাঁর কথায়, "কিছুদিন আগে এসআইআর নিয়ে ছোটখাটো একটা সমস্যা হয়েছিল ৷ তার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ আমাদের ওয়ার্ডে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ৷" প্রাথমিক অনুমান, এই ঘটনার নেপথ্যে দুই দুষ্কৃতী দলের এলাকা দখলের লড়াই রয়েছে ৷
6 নম্বর ওয়ার্ডের যথেষ্ট ঘনবসতিপূর্ণ এলাকায় গুলি চলেছে ৷ এর পাশে রেলের আবাস ৷ নৈহাটি-ভাটপাড়ার একেবারে সীমানায় অবস্থিত ৷ স্থানীয় সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন দুপুর 2টো ৷ সবাই যে-যার কাজে ব্যস্ত ৷ ঠিক তখনই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা ৷ পরে জানা যায়, দু'টি বাইকে করে এসে জনা পাঁচেক দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে ৷ কেউ ভয়ে কিছু বলতে চাইছেন না ৷
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য দিন-দিন বেড়েই চলেছে ৷ সন্ধ্যা নামলে রেল কোয়াটারের ফাঁকা ঘরগুলিতে চলে অসামাজিক কার্যকলাপ ৷ এ নিয়ে বহুবার প্রশাসনকে বলে কোনও লাভ হয়নি ৷ ভাটপাড়ায় বোমা-গুলি চলার ঘটনা নতুন কিছু নয় ৷ মাঝে মধ্যে বোমাবাজি, গোলাগুলিতে উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা ৷ গত বছর পুজোর সময় প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাটপাড়ার বাড়ির সামনে গুলি চলার ঘটনায় সরগরম হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি ৷

