ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সিনহার জামিন, কড়া শর্ত দিল হাইকোর্ট

প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর জামিন পেলেন শান্তি প্রসাদ সিনহা ৷ নিয়োগ দুর্নীতির মামলায় 2022 সালের 10 অগস্ট তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই।

calcutta-high-court
নিয়োগ দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সিনহার জামিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 5:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি'র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। ইডির মামলায় 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷

জামিনের শর্ত হিসেবে বিচারপতি জানিয়েছেন, শান্তি প্রসাদ নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে ৷ দুটো ফোন নম্বর তদন্তকারী অফিসার ও আদালতের কাছে দিয়ে রাখতে হবে। কোনওভাবেই সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। তাঁদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন না বলে আদালতের নির্দেশ। বিচারপতি আরও জানিয়েছেন, মামলার কোনও নথি বিকৃত করার চেষ্টা করা হলে জামিন বাতিল করা হবে। একইসঙ্গে নিম্ন আদালতকে এই সংক্রান্ত মামলার বিচার প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করতে হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2022 সালের 10 অগস্ট শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ইডিও হেফাজতে নেয় তাঁকে। সবমিলিয়ে প্রায় সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দূর্নীতির মামলায় জেলেবন্দি ছিলেন শান্তি প্রসাদ এবার মিলল জামিন ৷ এর আগে সিবিআইয়ের মামলা থেকে জামিন পেলেও এতদিন ইডির মামলায় জেল বন্দি ছিলেন ৷ এবার ইডির মামলাতেও জামিন পেলেন এসএসসির নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির এই প্রাক্তন প্রধান। এর ফলে তাঁর জেলমুক্তি হতে চলেছে ৷

গত কয়েকবছর ধরে শিক্ষা ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ গ্রেফতার হতে হয়েছিল খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও ৷ পাশাপাশি বিভিন্ন পর্ষদের কর্তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা ৷ পরে ধৃতদের অনেকেই জামিন পান ৷ প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর মাস কয়েক আগে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও ৷ শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে সক্রিয় ভূমিকা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি ৷ তাঁর পাশাপাশি একে একে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে বাকি ধৃতরাও সকলেই জামিন পান ৷ এবার জামিন পেলেন শান্তিপ্রসাদ সিনহা ৷

বিধানসভা নির্বাচনের প্রচারে নিয়োগ দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে কাবু করতে চায় বিরোধী শিবির ৷ এর আগেও বিভিন্ন নির্বাচনে দুর্নীতির প্রশ্নে শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলতে চেয়েছে বিরোধীরা ৷ এবারও পরিস্থিতি তেমনই ৷ তবে প্রথম থেকেই নিয়োগ কাণ্ডে জড়িত দলের নেতাদের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে তৃণমূল ৷ গ্রেফতার হওয়ার পরপরই দলীয় ও প্রশাসনিক পদ থেকে অভিযুক্তদের সরানোর ব্যবস্থাও হয়েছে ৷ একদা শিক্ষামন্ত্রীর পাশাপাশি তৃণমূলের মহাসচিব পদে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্য মন্ত্রিসভার পাশাপাশি দলীয় পদ থেকেও সরিয়ে দিয়েছে বাংলার শাসক শিবির ৷ রেশন দুর্নীতির ঘটনায় গ্রেফতার হয়ে মন্ত্রিত্ব খুইয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তবে তিনি এখনও তৃণমল বিধায়ক হিসেবে কাজ চালাচ্ছেন ৷