ETV Bharat / state

ছাদ ঢালাই শেষ হতেই বিপত্তি ! দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 5 শ্রমিক

কাজ সেরে ঢালাই মেশিন ঠেলে নিয়ে সরাতে নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা কোচবিহারের দিনহাটায় ৷ বিদ্যুৎস্পৃষ্টের জেরে প্রাণ যায় 5 জনের ।

ELECTROCUTION DEATH
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 7:29 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কোচবিহার, 2 মার্চ: পাথরের চিপস তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ৷ যার জেরে একসঙ্গে মৃত্যু হল 5 শ্রমিকের । রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা থানার অন্তর্গত গড়কুড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে । পাঁচজনের মৃত্যু হওয়ার পাশাপাশি, গুরুতর আহত অবস্থায় আরও তিন শ্রমিক ভর্তি রয়েছেন দিনহাটা মহকুমা হাসপাতালে ।

এহেন ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে যান দিনহাটা থানার SDPO প্রশান্ত দেবনাথ-সহ পুলিশ আধিকারিকরা । পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আধিকারিক বিশ্বজিৎ দাস বলেন, "বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছি । কাদের লাইন গিয়েছে সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে ।" খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তিনি বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা । আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটা ভিলেজ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় একটি পাথরের চিপস তৈরির কারখানায় এদিন ছাদ ঢালাইয়ের কাজ চলছিল । সেখানে বেশ কিছুজন শ্রমিক কাজ করছিলেন । কাজ শেষে ছাদ ঢালাইয়ে ব্যবহৃত লিফটার মেশিন সরাচ্ছিলেন 5 জন । সেই ঢালাই মেশিনটির উপর একটি লোহার রড ছিল । মেশিনটি সরানোর সময় লোহার রডটি নীচে নামাতে ভুলে যান শ্রমিক-সহ সেখানে থাকা লোকজনরা ।

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 5 শ্রমিক (ইটিভি ভারত)

পরবর্তীতে সেই লোহার রডটি ওই কারখানার উপর দিয়ে যাওয়া 11 হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারে লেগে যায় । আর সেই সময় মেশিন ধরে থাকা শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে গিয়ে পড়েন । ঘটনা এতটাই ভয়াবহ যে ঘটনার কিছুক্ষণ পর পর্যন্ত মৃত শ্রমিকদের শরীর থেকে ধোঁয়া বেরোতে থাকে । ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয় । সহকর্মীরা বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন আরও 3 জন ৷ এরপর স্থানীয়রা মৃত ও আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানকার চিকিৎসক জানান, 5 শ্রমিকের মৃত্যু হয়েছে ৷

মৃতরা হলেন, মুকুল বর্মন, রাজু সেন, মিঠুন পাল, সুমন বর্মন ও সঞ্জয় বর্মন । মৃতদের বাড়ি দিনহাটার বিভিন্ন এলাকায় । ঘটনাস্থলে থাকা এক শ্রমিক অনন্ত রায় বলেন, "ছাদ ঢালাইয়ের কাজ শেষে ওরা লিফটার সরানোর কাজ করছিল । সেই সময় লোহার রড 11 হাজার ভোল্টের তারের সঙ্গে লাগতেই দুর্ঘটনা ঘটে যায় ৷" ঘটনা জানাজানি হতেই শ্রমিকদের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন । কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা । এলাকায় নেমেছে শোকের ছায়া ৷ কীভাবে এই ঘটনা ঘটল ? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।