ETV Bharat / state

আইএসএফ-তৃণমূল সংঘর্ষে জখম একাধিক, বিধায়ক শওকতের গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ

কয়েকঘণ্টার ব্যবধানে দুটি ঘটনায় শাসকদলের উপর হামলার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে ৷ যা নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়াল ভাঙড়ে ৷

ISF TMC clash Bhangar
আইএসএফ–তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 22, 2026 at 9:11 AM IST

3 Min Read
Choose ETV Bharat

ভাঙড়, 22 ফেব্রুয়ারি: ফের আইএসএফ-তৃণমূল সংঘর্ষ ৷ উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় বিধানসভার পোলেরহাট 2 নম্বর অঞ্চল ৷ অভিযোগ, শনিবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল নেতা তথা ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলাম কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন ৷ সেই বৈঠকে হামলা চালানোর পাশাপাশি খয়রুল ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে আইএসএফ ও জমি রক্ষা কমিটির সমর্থকদের বিরুদ্ধে ৷

ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক গুরুতর আহত হন । তাঁদের দ্রুত উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে দলীয় কর্মীদের দেখার পর থানায় অভিযোগ জানিয়ে ফেরার পথে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা, গুলি চালানো হয় বলে অভিযোগ ৷

আইএসএফ–তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড় (ইটিভি ভারত)

কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, দুটি পৃথক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । বিধায়কের উপর হামলার ঘটনায় রাত থেকে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ পাশাপাশি ঘটনাস্থলেও সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থল থেকে পুলিশ বোমার টুকরো উদ্ধার করেছে বলেও খবর । দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠন মজবুত করতে ওই এলাকায় বৈঠকের আয়োজন করেছিল তৃণমূল । সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী সভাস্থলে ঢুকে বচসা শুরু করে ৷ যা পরে হাতাহাতিতে রূপ নেয় । অভিযোগ, লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয় । ঘটনায় সভাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । উপস্থিত কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান । খবর পেয়ে এলাকায় পৌঁছয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী ।

ঘটনার খবর পেয়ে শওকত মোল্লা হাসপাতালে গিয়ে আহত কর্মীদের সঙ্গে কথা বলেন ৷ চিকিৎসকদের সঙ্গেও আলোচনা করেন বিধায়ক । এরপর সেখান থেকে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ খয়রুল ইসলামের উপর হামলার প্রতিবাদ জানাতে থানায় অভিযোগ দায়ের করতে যান ক্যানিং পূর্বের বিধায়ক ৷

তাঁর অভিযোগ, "থানা থেকে ফেরার সময় আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে । বোমা ছোড়া হয়েছে আমাকে প্রাণে মারার উদ্দেশে । গণতান্ত্রিকভাবে সংগঠন শক্তিশালী করা হচ্ছে দেখে বিরোধীরা ভয় পেয়ে হামলার পথ বেছে নিয়েছে । এলাকায় তৃণমূল কর্মীদের উপর ধারাবাহিকভাবে আক্রমণ চালানো হচ্ছে । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ।" এলাকায় শান্তি বজায় রাখারও আবেদন জানান তিনি ।

যদিও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে । তাদের পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশেই এই অভিযোগ আনা হচ্ছে । আইএসএফ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলেও দাবি তাদের ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ।