বারাসতে বিজেপির আদি-নব্যের তুমুল সংঘর্ষ, আক্রান্ত জেলা সভাপতিও
বারাসতে বিজেপির আদি ও নব্যের তুমুল সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামল কেন্দ্রীয় বাহিনী ৷

Published : May 28, 2026 at 3:00 PM IST
বারাসত, 28 মে: রাজ্যে পালাবদল হয়েছে । তৃণমূলকে হারিয়ে রাজ্য শাসনের ব্যাটন এখন বিজেপির হাতে । কিন্তু বদলায়নি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের পুরনো ছবিটা । ক্লাবের কর্তৃত্ব দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠী সম্মুখসমরে নেমে পড়ল । গভীর রাতে কয়েক ঘণ্টা ধরে চলল সেই সংঘর্ষ । আক্রান্ত হলেন খোদ দলের জেলা সভাপতিও । ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর 24 পরগনার বারাসতে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই উপদ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসতের হৃদয়পুর স্টেশন সংলগ্ন এলাকায় একটি ক্লাবের কর্তৃত্ব দখলকে কেন্দ্র করে বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েকদিন ধরে টানাপোড়েন চলছে । ওই ক্লাবটি বিজেপির পুরনো কার্যকর্তাদের নিয়ন্ত্রণে ছিল । বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে তৃণমূল সমর্থকদের একটি বড় অংশ মুখে গেরুয়া আবির মেখে বিজেপির স্রোতে মিশে গিয়েছে । নব্য বিজেপি সমর্থকেরা ওই ক্লাবের নিয়ন্ত্রণ হাতে নিতে চাইলে বুধবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয় । প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । মুহূর্তে তা ভয়াল আকার ধারণ করে । রাস্তার ওপরে দুই গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে লাঠিসোটা শাবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে । শুরু হয় ব্যাপক সংঘর্ষ ।
অভিযোগ, সংঘর্ষ চলাকালীন বিবদমান দু'পক্ষ ধারালো অস্ত্র নিয়েও পরস্পরের উপর হামলা চালিয়েছে । খবর পেয়ে বারাসত থানা থেকে বিরাট পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । সংঘর্ষের ব্যাপকতা দেখে রাতেই ঘটনাস্থলে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী । সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হন । তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেও বিজেপির দুই গোষ্ঠী পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে । অভিযোগ, তারপর বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতেও হামলা চলে । তাঁকে বেধড়ক মারধর করেন দলের কর্মীরা বলে অভিযোগ । গুরুতর যখন অবস্থায় কলকাতার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ।

বিজেপির অভ্যন্তরীণ দলীয় সমীকরণে নবনির্বাচিত বারাসত বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ের অধীনে বিজেপি সমর্থকদের একটা বড় অংশ রয়েছেন । উলটোদিকে দলের জেলা সভাপতি রাজীব পোদ্দারের আরেকটি গোষ্ঠী রয়েছে । শঙ্কর ও রাজীবের সমর্থকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব গত কয়েক মাস ধরে চলছে । হৃদয়পুরে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কারা বেশি মার খেয়েছেন, তা নিয়ে নানারকম গুজব চাউর হতেই বারাসত শহরের টাকি রোড ও হাসপাতাল রোড-সহ বিভিন্ন এলাকায় শঙ্কর ও রাজীব সমর্থকেরা নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েন ।

বিপদের আশঙ্কা করে তড়িঘড়ি বারাসত জেলা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী নামানো হয় । জেলার পুলিশ সুপার পুষ্পা ঘটনাস্থলে পৌঁছন । সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে । দু'পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন । বারাসত জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে । খবর পেয়ে দলের আহত কর্মীদের দেখতে রাতেই বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন নবনির্বাচিত বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় ।

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তাপস মিত্র বলেছেন, "ঘটনাটি ভীষণ উদ্বেগজনক । নব্য বিজেপিদের একটি অংশ এই গোলমালের মূল প্ররোচনা ছড়িয়েছে । অতীতে যারা বিজেপি সমর্থকদের উপর অত্যাচার করতেন, ভোটের ফল প্রকাশের পর তারাই আমাদের দলে ঢুকে অশান্তি ছড়াচ্ছেন । আমি আজই দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে ঘটনাটি জানাব ।"
বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা বলেন, "ঘটনায় দু'টি অভিযোগ দায়ের হয়েছে । কয়েকজনকে আটক করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।"

