গড়বেতায় মর্মান্তিক দুর্ঘটনার বলি 2 পুলিশকর্মী, রায়গঞ্জে পুকুরে গাড়ি পড়ে মৃত 3
মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে চন্দ্রকোনা রোডে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে পুলিশকর্মী বোঝাই ভ্যান ।

Published : March 3, 2026 at 3:43 PM IST
রায়গঞ্জ/চন্দ্রকোনা, 3 মার্চ: রঙের উৎসবের আগেই মেদিনীপুর ও উত্তর দিনাজপুরে দু'টি মর্মান্তিক দুর্ঘটনায় বিষাদের আবহ ৷ গড়বেতায় লরির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পুলিশকর্মীর ৷ আহত হয়েছেন তিনজন ৷ অপরদিকে, রায়গঞ্জে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তিনজন যুবকের ৷ আহত হয়েছেন চারজন ৷
চন্দ্রকোনায় 2 পুলিশকর্মীর মৃত্যু
মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে পুলিশকর্মী বোঝাই ভ্যান । উলটো দিক থেকে আসা লরির সঙ্গে পুলিশ ভ্য়ানটির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর । আর একজন কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয় । বাকি আহত তিনজনকে রাত একটা নাগাদ প্রথমে নিয়ে যাওয়া হয় দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে । সেখান থেকে রাতেই তাঁদের স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনার পরই লরি ফেলে চম্পট দেয় লরির চালক ।
জানা গিয়েছে, এদিন কাজে যোগ দিয়ে পুলিশকর্মীরা পশ্চিম মেদিনীপুর থেকে গড়বেতায় যাচ্ছিলেন । কিন্তু যাওয়ার পথেই তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী ৷ এই দুর্ঘটনার কারণ কী সেবিষয়ে এখনও স্পষ্ট নয় পুলিশ ৷ গোটা ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে ৷
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, "উলটো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাক ধাক্কা মারে ডিউটিতে যাওয়া পুলিশ গাড়িতে । এই ঘটনায় দু'জন পুলিশ কর্মী মারা গিয়েছেন, আহত হয়েছেন তিনজন । আমরা যদিও ওই ধৃত ট্রাকচালককে খোঁজার চেষ্টা করছি । পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে ৷"
রায়গঞ্জে দুর্ঘটনার বলি 3 যুবক
অন্যদিকে, রায়গঞ্জে পুজোর প্রসাদ খেতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল তিন যুবকের । জখম হয়েছেন চারজন । ঘটনাটি ঘটেছে বিহার-বাংলা সীমান্তের ইসলামপুর-ফাটিপুকুর এলাকায় । মৃত যুবকদের নাম সুরজিৎ দাস, বনি দাস ও মুকুন্দ দাস ৷ তাঁদের প্রত্যেকের বয়স আনুমানিক 18 থেকে 20 বছরের মধ্যে । আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার ফার্মকলোনি এলাকার বাসিন্দা সুবল কর্মকার নামে এক ব্যক্তির বাড়িতে পুজোর অনুষ্ঠান ছিল । তাঁরই গ্যারাজে কাজ করতেন ওই যুবকেরা । সোমবার গভীর রাতে গ্যারাজ থেকে মালিকের গাড়ি নিয়ে তাঁরা তাঁর বাড়িতে যাচ্ছিলেন । গাড়িতে ছিলেন মোট সাতজন । ফাটিপুকুর এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় । এরপর স্থানীয়দের তৎপরতায় সাতজনকেই উদ্ধার করা হলেও, ঘটনায় তিন যুবকের মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিহারের পুঠিয়া থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারের কিষানগঞ্জে পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশ ।
মহম্মদ রাজু নামে এক আহত যুবক জানিয়েছেন, "মালিকের বাড়িতে পুজোর অনুষ্ঠানে যাচ্ছিলাম । কীভাবে আমাদের গাড়িটি পুকুরে পড়ে গেল বুঝতে পারলাম না । তিনজন মারা গিয়েছেন ।" অন্যদিকে মৃত মুকুন্দ দাসের দাদা বিল্টু দাস বলেন, "মালিক এত রাতে আসার কেন অনুমতি দিল । আসার কথা হলে ওদের আগেই আসতে বলতো ৷ কেন এত রাতে আসার অনুমতি দিল মালিক ? মালিকের ওদের বলা উচিত ছিল, এত রাত হয়ে গিয়েছে যখন তোরা আর আসিস না ৷ কালকে তোরা এসে প্রসাদ খেয়ে যাস । প্রসাদ তো বাসিও খাওয়া যায়, প্রসাদ নষ্ট হয় না । কীভাবে এই ঘটনাটি ঘটেছে কিছুই জানি না ।"

