যুবভারতীর আতঙ্ক ক্যানিং স্টেডিয়ামে ! MLA কাপ ফাইনালে পদপিষ্ট পরিস্থিতিতে আহত শিশু-সহ 7
এমএলএ কাপ ফাইনালের খেলাকে কেন্দ্র করে ক্যানিং স্টেডিয়ামে বিশৃঙ্খলা ৷ দর্শকদের ভিড়ে ঠেলাঠেলিতে পদপিষ্টের মতো ঘটনা ৷ আহত শিশু-সহ 7 জন ৷

Published : December 29, 2025 at 12:53 PM IST
ক্যানিং, 29 ডিসেম্বর: যুবভারতীর ছায়া এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং স্টেডিয়ামে ৷ এমএলএ কাপ ফুটবল খেলার ফাইনালে চরম বিশৃঙ্খলা ৷ ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে আহত একাধিক দর্শক ৷ আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে খবর ৷
রবিবার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ছিল ৷ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা ৷ তাঁদের দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পড়ে স্টেডিয়ামে ৷ অভিনেতা-অভিনেত্রীকে সামনে থেকে দেখার জন্য ঠেলাঠেলি শুরু হয় ৷ ফলে, নিমেষের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ সেই সময় পদপিষ্ট হয়ে আহত হন দর্শকরা ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে ৷
এরপর স্টেডিয়ামে পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ পুলিশ সূত্রে খবর, আহতরা এখন সুস্থ রয়েছেন ৷ ঘটনায় ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল জানান, ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসন প্রায় 15 হাজারের কাছাকাছি । কিন্তু, এদিন প্রায় 50 থেকে 60 হাজার দর্শক উপস্থিত হন স্টেডিয়ামে ৷ ফলে এই দুর্ঘটনা ৷
তিনি আরও জানান, খেলা দেখতে ঢোকার আগেই রাস্তার বাইরে দর্শকরা টিকিট কেটে দাঁড়িয়েছিলেন । সকলেই একসঙ্গে ঢোকার চেষ্টা করছিলেন স্টেডিয়ামে । সেই সময় হুড়োহুড়ি শুরু হয় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন । ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখমও হন ৷
ক্যানিং পশ্চিম বিধানসভার তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস জানান, অতিরিক্ত দর্শকের কারণে এই ঘটনা ঘটেছে । পুলিশ প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ পরিবারদের সঙ্গে কথাও বলা হয়েছে । সকলে সুস্থ রয়েছেন ৷
বিধায়কের উদ্যোগে ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় । রবিবার সেই খেলার ফাইনালে উপস্থিত অভিনেতা অঙ্কুশ মাঠে প্রবেশ করতেই হঠাৎ দর্শকদের ভিড় বেড়ে যায় । ঠেলাঠেলি করতে থাকেন তাঁরা ৷ আর তাতেই পদপিষ্টের ঘটনাটি ঘটে । এরপর মাঠে উপস্থিত দর্শকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ক্যানিংয়ের বিজেপি নেতা অর্পণ দাসের অভিযোগ, "তৃণমূলের নেতারা খেলা দেখানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে তোলা তুলছেন । আর সেই সমস্ত নেতাদের সহযোগিতা করছে পুলিশ । এদিনের এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা একমাত্র দায়ী ।"
তৃণমূল বিধায়কের দাবি, খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা করা হলেও, এদিন বেশি দর্শক স্টেডিয়ামে ঢুকে পড়েন ৷ সেই কারণে এই বিপত্তি ৷ তবে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷ সুষ্ঠুভাবে পুরো খেলাটি সম্পন্ন করা হয় ৷
গত 13 ডিসেম্বর কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷ প্রচুর টাকা খরচ করে টিকিট কেটে প্রিয় তারকাকে ভালো করে দেখতে না-পাওয়ার অভিযোগে ক্ষিপ্ত হয়ে ওঠেন দর্শকরা । নিরাপত্তার জন্য নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে ৷ এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ স্টেডিয়ামে রীতিমতো ভাঙচুর চালান উত্তপ্ত দর্শক ৷ গ্যালারি থেকে ছোড়া হয় জলের বোতল ৷
ঘটনার তদন্তের জন্য গঠন করা হয় কলকাতা পুলিশের বিশেষ দল ৷ মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই রাজ্যের আরও এক স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনা সামনে এল ৷

