ETV Bharat / state

গল্ফগ্রিনে জোড়ামৃত্যুতে গ্রেফতার নিহতদের দুই সঙ্গী, মাদক যোগ খতিয়ে দেখছে পুলিশ

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মাদকচক্রের কোনও যোগ রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ ।

GOLF GREEN CASE
গল্ফগ্রিনে দেহ উদ্ধার করার পরের মুহূর্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 1, 2026 at 7:13 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 জুন: গল্ফগ্রিনে একটি ফ্ল্যাট থেকে তরুণ-তরুণীর জোড়া দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে গুরুত্বপূর্ণ সূত্র হাতে পেল পুলিশ । ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে মৃতদের দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি আরও এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত মাদক ও মদ্যপানের জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে । যদিও প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক মহম্মদ দিলশাদ এবং তরুণী কয়েক মাস ধরে গল্ফগ্রিন এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করছিলেন । গত এপ্রিল মাসে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে । তরুণী গড়িয়ার বাসিন্দা এবং তাঁর বয়স আনুমানিক 21 বছর । পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । সেই কারণেই তিনি দিলশাদের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বলে দাবি তদন্তকারীদের ।

তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের রাতে ওই ফ্ল্যাটে একটি ব্যক্তিগত পার্টির আয়োজন করা হয় । সেখানে দিলশাদ ও ওই তরুণী তাঁদের দুই পরিচিতকে আমন্ত্রণ জানান । রাতভর চলতে থাকে মদ্যপান ও নেশার আসর । তদন্তকারীদের দাবি, ওই চারজনই বিপুল পরিমাণে মদ গাঁজা সেবন করেছিলেন । গভীর রাত পর্যন্ত চলে সেই আসর ।

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত নেশার প্রভাবেই অসুস্থ হয়ে পড়েন দিলশাদ ও মোহলি । পরদিন সকালে অন্য দুই সঙ্গীর জ্ঞান ফিরলেও দিলশাদ এবং মোহলি আর সাড়া দেননি । তাঁদের শরীরে রক্তক্ষরণেরও কিছু চিহ্ন মিলেছে বলে সূত্রের খবর ।

তদন্তকারীদের একাংশের অনুমান, অতিরিক্ত মাদক গ্রহণের ফলে শারীরিক জটিলতা তৈরি হয় এবং তাতেই মৃত্যু হয়ে থাকতে পারে । তরুণীর ক্ষেত্রে হৃদরোগজনিত সমস্যাও তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে । তবে এই সমস্ত বিষয়ই এখনও প্রাথমিক পর্যায়ের তথ্য, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের উপর ।

এদিকে, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করায় সন্দেহ হয় প্রতিবেশীদের । দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে আবাসনের বাসিন্দারাই জরুরি পরিষেবার নম্বরে ফোন করে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । দরজা ভেঙে ভিতরে ঢুকে মেঝেতে পড়ে থাকা দিলশাদ ও তরুণীর নিথর দেহ উদ্ধার করা হয় । একইসঙ্গে ফ্ল্যাটের ভিতর থেকে নেশাগ্রস্ত অবস্থায় আরও এক যুবক ও এক তরুণীকে উদ্ধার করা হয় ।

তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । দীর্ঘ জেরার পর রাহুল মুস্তাক এবং তাঁর বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন,"পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে এদের গ্রেফতার করেছি । তাদের আদালতে পেশ করা হবে । বাকিটা তখনই জানা যাবে ।"

তবে আটক অন্য ব্যক্তির কাছ থেকেও ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারীরা । ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিভিন্ন সামগ্রী, মদের বোতল এবং সন্দেহভাজন মাদকদ্রব্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । মোবাইল ফোনের কল রেকর্ড, চ্যাট এবং সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে । পুলিশ জানতে চাইছে, ওই রাতে ঠিক কী ঘটেছিল এবং কেন সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি ।