ETV Bharat / state

সংস্কারের কাজে ফের বন্ধ হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ, কবে ? বিকল্প রুট কী

এই সময়ে সব গাড়ি হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে ৷ প্রয়োজনে অতিরিক্ত সময় হাতে রাখার পরামর্শ কলকাতা পুলিশের ৷

SECOND HOOGHLY BRIDGE CLOSED
দ্বিতীয় হুগলি সেতুর সংস্কার ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 12, 2025 at 2:49 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 ডিসেম্বর: আবারও বন্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ ৷ রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আট ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকবে সেতু ৷ এই সময়ে কলকাতা থেকে হাওড়ার মধ্যে সব গাড়ি রবীন্দ্র সেতু অর্থাৎ, হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে ৷ কলকাতা পুলিশ ও হুগলি রিভার ব্রিজ কমিশনার্স যৌথভাবে এই কাজ করছে ৷ এই 8 ঘণ্টা কোন-কোন বিকল্প পথে যান চলাচল করবে, তা নিয়ে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ৷

কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 14 ডিসেম্বর রবিবার, সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুর দু’টি লেন সম্পূর্ণ বন্ধ থাকবে ৷ এই সময়ে সেতুর উপরে স্টে কেবল, বেয়ারিং-সহ গুরুত্বপূর্ণ অংশের মেরামতি ও বদলের কাজ চলবে ৷ নিরাপত্তার খাতিরে সেতু দিয়ে কোনও গাড়িকে চলাচলের অনুমতি দেওয়া হবে না ৷ তবে, দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতা ও হাওড়ার মধ্যে চলাচলকারী গাড়িগুলির জন্য বিকল্প রুট ঘোষণা করেছে লালবাজার ৷

পশ্চিমমুখী যানবাহনের জন্য

এজিসি বোস রোড হয়ে জিরুট আইল্যান্ডের দিক থেকে যে গাড়িগুলি দ্বিতীয় হুগলি সেতু দিকে যেত, সেগুলি টার্ফভিউয়ের সামনে থেকে ডানদিকে ঘুরে হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠবে ৷ অন্যদিকে, কেপি রোড হয়ে জেএন আইল্যান্ডের দিক থেকে আসা গাড়িগুলিকে একইভাবে হেস্টিংস ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷

পূর্বমুখী যানবাহনের জন্য

পাশাপাশি পূর্বমুখী গাড়ি যেগুলি সিজিআর রোড হয়ে খিদিরপুর দিক থেকে সেতুর দিকে যায়, সেই গাড়িগুলি হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে ৷ আর যে গাড়িগুলি সাধারণত বিবেকানন্দ সেতু ব্যবহার করতে চায়, সেগুলি ফারলং গেট থেকে কেপি রোড ও রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে ৷

এছাড়া প্রয়োজন অনুযায়ী, শহরের বিভিন্ন আর্টেরিয়াল রোড ব্যবহার করে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ৷ তাই ট্রাফিক বিভাগের তরফে শহরবাসীর জন্য পরামর্শ, জরুরি প্রয়োজনে পথে বের হলে বাড়তি 30 মিনিট সময় হাতে রাখুন ৷ অ্যাপ ক্যাব, বাস ও মালবাহী গাড়ির চালকদের বিশেষভাবে এই নির্দেশিকা মানতে বলা হয়েছে ৷