সিউড়ির মোরব্বা বিপজ্জনক ! খাদ্য সুরক্ষার অভিযানে মিলল বিছে-পোকামাকড়
ইতিমধ্যেই কারখানাগুলি থেকে খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে ।

Published : September 1, 2026 at 7:49 PM IST
সিউড়ি, 1 সেপ্টেম্বর: সিউড়ির প্রসিদ্ধ আচার ও মোরব্বার নাম শুনলেই জিভে জল এসে যায় ৷ তবে তৈরির ক্ষেত্রে গাফিলতির জেরে শরীরের পক্ষে তা হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক ! খাদ্য সুরক্ষা ও আইনি পরিমাণবিদ্যা দফতরের যৌথ বিশেষ অভিযানে মোরব্বা কারখানাগুলিতে মিলল বিষাক্ত বিছে, কোথাও মিলল পোকা-মাকড় । সেখানে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী নির্মাণ হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ৷ ইতিমধ্যেই কারখানাগুলি থেকে খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে ।
শুধু অস্বাস্থ্যকর খাবার তৈরিই নয়, পরিমাণেও ক্রেতাদের ঠকানোর অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে । আর এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত খাদ্যরসিকরা ৷ এমনই এক কারখানা পরিদর্শনে গিয়ে বীরভূমের সিউড়ির খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক সৌরভ বসাক বলেন, "জেলা ও রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের নির্দেশে বিশেষ অভিযান চলছে ৷ তাতে দেখলাম, ফুড সেফটির যে যে গাইডলাইন রয়েছে, সেগুলো কিছুই মানা হচ্ছে না । খোলা আকাশের নীচে আনহাইজেনিক ভাবে খাবার তৈরি হচ্ছে ৷ আমরা স্যম্পেল নিলাম, ল্যাবে পাঠাব । আর পূর্ণাঙ্গ একটা রিপোর্ট জেলা অথরিটিকে দেব ৷ ফুড সেফটি লঙ্ঘন করলে যা যা ব্যবস্থা নেওয়ার অভিযুক্তদের বিরুদ্ধে তা নেওয়া হবে ৷"
সিউড়ির আচার ও মোরব্বা শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশজুড়ে প্রসিদ্ধ । কথিত আছে, আনুমানিক 1718 সালে বীরভূমের রাজনগরের নবাব বদির উদজ্জামাল উত্তর ভারত ভ্রমণে গিয়ে মোরব্বা খেয়ে মুগ্ধ হয়েছিলেন । সেখান থেকে তিনি মোরব্বা তৈরির কারিগরকে সঙ্গে নিয়ে এসেছিলেন । সেই সূত্রেই নাকি বীরভূমে মোরব্বা তৈরির প্রচলন হয়েছিল ৷ পরবর্তীতে রাজনগর থানার সিউড়ি শহরে মোরব্বার বিকিকিনি শুরু হয় ৷ আনুমানিক স্বাধীনতার আগে থেকে সিউড়ির মোরব্বা খ্যাতি অর্জন করেছে ।

এদিন থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত খাদ্য সুরক্ষা দফতর ও আইনি পরিমাণবিদ্যা দফতরের আধিকারিকেরা যৌথ ভাবে বিশেষ অভিযান শুরু করেছে ৷ সেই মতো এদিন বীরভূমের সিউড়িতে আচার ও মোরব্বার কারখানাগুলিতে হানা দেন অফিসারেরা ৷ তাতে দেখা যায়, মোরব্বা ও আচার নির্মাণ সামগ্রীর মধ্যে বিষাক্ত বিছে ঘুরে বেড়াচ্ছে ৷ আর তাতে কিলবিল করছে পোকামাকড় ৷ বহাল তবিয়তে অস্বাস্থ্যকর পরিবেশে আচার ও মোরব্বা নির্মাণ প্রক্রিয়া চলছিল । আর দিনের পর দিন এই বিষ-খাদ্যের স্বাদ আস্বাদন করছেন মানুষজন ৷


খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক জানান, ইতিমধ্যে তাঁরা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন ৷ সেগুলি পরীক্ষাগারে পাঠানো হচ্ছে ৷ পাশাপাশি, প্রয়োজনীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । সম্পূর্ণ খোলা আকাশের নীচে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী নির্মাণ করা হচ্ছিল ৷ মানা হয়নি খাদ্য সুরক্ষা বিধি । যা খুবই বিপজ্জনক । তাই এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা প্রশাসনকে দেওয়া হচ্ছে ও অভিযুক্তদের বিরুদ্ধে ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন ৷ তবে এই খবর সামনে আসার পর রীতিমতো আতঙ্কিত খাদ্য রসিকরা ৷


