ETV Bharat / state

ভয়াবহ আগুনে পুড়ে ছাই স্কুটারের শো-রুম, ওই বাড়ির দোতলায় কিডস স্কুল, আতঙ্ক !

পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে তিনতলা বাড়িতে আগুন। বাড়ির প্রায় পুরোটাই আগুনের গ্রাসে। দোতলায় ছিল শিশুদের স্কুল ৷ কী কারণে অগ্নিকাণ্ড, খতিয়ে দেখছে দমকল।

PANAGARH HORRIBLE FIRE
বিধ্বংসী আগুন পানাগড়ে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 1, 2026 at 9:47 AM IST

2 Min Read
Choose ETV Bharat

পানাগড়, 1 সেপ্টেম্বর: কাকভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড স্কুটারের শো-রুমে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে তিনতলা ওই বিল্ডিংকে ৷ যার গ্রাউন্ড ফ্লোরে ছিল স্কুটারের শো-রুম, ফার্স্ট ফ্লোরে ছিল কিডস স্কুল, ও সেকন্ড ফ্লোরে থাকত এক পরিবার। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের পানাগড়ের দার্জিলিং মোড়ের কাছে এই বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

দু'টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ কী কারণে অগ্নিকাণ্ড, খতিয়ে দেখছে দমকল। এদিন ভোর পাঁচটা নাগাদ স্থানীয়রা প্রাতঃভ্রমণে বেড়িয়ে প্রথম ওই আবাসন থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করেন, লোকজন জড়ো হয়। খবর দেওয়া হয় দমকলে ৷ ততক্ষণে শো-রুমে থাকা সমস্ত স্কুটার পুড়ে ছাই হয়ে যায়।

ভয়াবহ আগুনে পুড়ে ছাই স্কুটারের শো-রুম (ইটিভি ভারত)

স্থানীয় বাসিন্দারা বলছেন, কিডস স্কুল খোলা থাকলে আরও ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত । দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পানাগড় দমকল বিভাগের অফিসার ইনচার্জ বিশ্বজিৎ মুর্মু বলেন, "কাকভোরে এদিন ভয়াবহ আগুন লাগে ৷ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি আমরা পৌঁছয় ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট-সার্কিট থেকেই এই আগুন লেগেছে। স্কুটারের শো-রুমে এই আগুন প্রথমে লাগে তারপর বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি কী হয়েছে এখনই বলা সম্ভব নয়। দমকলের দু'টি ইঞ্জিন আসে ৷ কোনও হতাহতের ঘটনা ঘটেনি ৷ আগুন এখন নিয়ন্ত্রণে ৷ "

PANAGARH HORRIBLE FIRE
আগুনে পুড়ে ছাই স্কুটার শো-রুম (ইটিভি ভারত)

স্কুটারের শো-রুমে ও পুরো বিল্ডিংয়ে অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থা ছিল না-বলেই দমকল বিভাগের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগামিদিনের স্কুটারের শো-রুমের উপরে শিশুদের ওই স্কুল চালানো নিয়ে পুলিশ, স্কুল কর্তৃপক্ষ এবং এই বিল্ডিং মালিকের সঙ্গে কথা বলবে বলেও জানায়।