শিশু পুত্রের হাত ধরে শিবপুরের শিক্ষিকা BLO ভোটারের দরজায়, চলছে SIR
মা বিলিও'র দায়িত্বে অনড় ৷ সঙ্গে হাত ধরে রয়েছেন ছোট্ট ছেলে ৷ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে 'নজির' শিবপুরের শিক্ষিকা পারমিতা হালদার ৷

Published : November 11, 2025 at 5:20 PM IST
হাওড়া, 11 নভেম্বর: এক হাতে ফাইল, অন্য হাতে পাঁচ বছরের ছেলের আঙুল। কাঁধে ব্যাগ, মুখে অটল দৃঢ়তা। বিকেলের আলো ম্লান হলে যখন অনেকেই দিনের কাজ গুটিয়ে নেন, তখনও হাওড়ার শিবপুরের রাস্তায় দেখা যাচ্ছে স্কুলশিক্ষিকা পারমিতা হালদারকে । পেশায় শিক্ষকতা, আবার দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার (বিএলও)। মাতৃত্ব ও কর্তব্য, দুই ভূমিকায় নিখুঁত ভারসাম্য রেখে এগিয়ে চলেছেন তিনি।
শিবপুর বিধানসভা এলাকার 98 নম্বর বুথের নবীন সংঘ পাড়ায় প্রায় প্রতিদিনই তাঁকে দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে। সকালবেলায় স্কুলে ক্লাস নেওয়ার পর তড়িঘড়ি বাড়ি ফেরা, তারপর SIR ফর্ম হাতে বেরিয়ে পড়া। স্কুলের দূরত্ব প্রায় 25 কিলোমিটার, বিকেল সাড়ে চারটার পর সন্তানকে দেখার কেউ থাকে না। তবু কাজ থামাতে চান না পারমিতা। তিনি বলেন, "ভোটারদের অসুবিধা হোক, সেটা চাই না। দায়িত্ব আছে, তাই সময় মতো শেষ করতে চাই ।"
তিনি আরও বলেন, "স্কুলে থাকলে, ছেলেকে দেখাশোনা করেন আমাদের কাজের দিদি। কিন্তু বিকেল সাড়ে চারটের পর থেকে কেউ থাকেন না। তাই ছেলেকে নিয়েই বেরোই কাজে । দেশের দায়িত্ব আর মাতৃত্ব, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছি ।"
রবিবার ছুটির দিন ৷ সেদিন বিকেলেও দেখা মিলল সেই দৃশ্য ৷ এক হাতে এনুমারেশন ফর্ম, অন্য হাতে ছেলের হাত। কখনও ছেলে আঁচল ধরে থাকে, কখনও খেলায় মেতে ওঠে পাশেই । এলাকাবাসীর চোখে বিষ্ময় আর শ্রদ্ধা শিক্ষিকা পারমিতার প্রতি ৷
স্থানীয় বাসিন্দা ভক্তিপদ মাঝি বলেন, "এমন দৃশ্য দেখে গর্ব হয়। ওনার মতো মায়েরাই সমাজের প্রকৃত প্রেরণা।"
আরেক প্রতিবেশী সব্যসাচী করণের মন্তব্য, "মাতৃত্ব, পেশা আর কর্তব্য ৷ তিন দিক একসঙ্গে সামলানো সহজ নয়। ওনার শক্তি ও কর্মের প্রতি দায়িত্ব আমাদের কাছে উদাহরণ।"

স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিরাও প্রশংসা করছেন পারমিতার এই নিষ্ঠাকে। বুথ লেভেল এজেন্ট বিশ্বজিৎ ঘোড়ুই বলেন, "রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত ওনাকে কাজ করতে দেখেছি । এমন মনোযোগ দেখা যায় না।" কর্তব্য ও ভালোবাসার এই অনন্য মেলবন্ধনে পারমিতার নাম আজ এলাকার মানুষের মুখে মুখে।
শুধু ভোটার তালিকা নয়, পারমিতার প্রতিটি পদক্ষেপ যেন সমাজে এক নতুন বার্তা দেয় ৷ মাতৃত্ব কোনও বাধা নয়, বরং অনুপ্রেরণার উৎস। সাইকেলে চেপে ঘুরে বেড়ানো এই তরুণীর ব্যালেন্স হুইল যেন আজ এক প্রতীক ৷ দায়িত্ববোধ, সাহস আর মমতার নিখুঁত ভারসাম্যের প্রতীক । একজন মা যেমন ভালোবাসার প্রতীক, তেমনই একজন কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বের প্রতি অবিচল থেকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পারমিতা হালদার।

