ETV Bharat / state

প্রকাশিত হল এসএসসি'র একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল

শুক্রবার রাতেই প্রকাশিত হয়েছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল ৷ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট- https://westbengalssc.com থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।

SSC teacher recruitment
একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2025 at 7:35 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 নভেম্বর: প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল । শুক্রবার রাত 9টার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করল কমিশন । তবে ফলাফল প্রকাশিত হলেও ইন্টারভিউয়ের তারিখ এখনও জানানো হয়নি ৷ দ্রুত তারিখ নির্ধারণ করে সেই বিজ্ঞপ্তিও দেওয়া হবে বলেই জানিয়েছে কমিশন ৷ নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে 17 নভেম্বর থেকে ।

SSC
কমিশনের তরফে ফলাফল ঘোষণার বিজ্ঞপ্তি (ইটিভি ভারত)

শুধুমাত্র পরীক্ষার্থীরা 60 নম্বর পরীক্ষার মধ্যে কত পেয়েছেন সেটুকুই দেখা যাবে ৷ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট https://westbengalssc.com -এ পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন । শুক্রবার রাত 9টার পর ফল প্রকাশিত হয়ে গিয়েছে বলেই জানান কমিশনের এক কর্তা । পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাড়ে ন'টা নাগাদ এক্স হ্যান্ডেলে ফল প্রকাশের কথা জানান । যদিও রাতে পরীক্ষার্থীরা প্রকাশিত ফল দেখতে পারছিলেন না বলে অভিযোগ উঠেছিল । ফল প্রকাশ হলেও পরীক্ষার্থীরা তবে তা দেখতে গিয়ে বেশ সমস্যায় পড়েন । কারণ হিসাবে জানা যাচ্ছে, ফল প্রকাশের কিছুক্ষণ আগে থেকেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যায় ।

SSC
এসএসসি-র ওয়েবসাইটে এভাবেই লেখা থাকছে (ইটিভি ভারত)

ফলাফলের পাশে 'আনসার কি বটন'ও রয়েছে । যেটা পরীক্ষার এক সপ্তাহের মধ্যেই কমিশনের তরফে দেওয়া হয়েছিল । এদিন একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের যে তালিকা প্রকাশ হয়েছে সেই পরীক্ষা হয়েছিল গত 14 সেপ্টেম্বর । মোট আবেদনের সংখ্যা ছিল 2,46,543 জন ৷ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন 2,29,606 জন । শতাংশের নিরিখে প্রায় 93%-এর একটু বেশি । এর মধ্যে 3120 জন পরীক্ষার্থী ছিলেন বিশেষভাবে সক্ষম । ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিলেন 13,517 জন । একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ রয়েছে 12,514টি । মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 478টি ।

ফল প্রকাশের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে লেখেন, "আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে, রাজ্য ও জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করল । এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা- এক প্রতিশ্রুতির পূর্ণতা । চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে রাজ্য সরকারের আন্তরিক বার্তা, আপনাদের দুশ্চিন্তার কোনও কারণ নেই । রাজ্য সরকার সর্বতোভাবে আপনাদের পাশে আছে । প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে ৷ আস্থা রাখুন এই প্রত্যয়ে যে, আপনার অপেক্ষা, যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে ।"