ETV Bharat / state

শুক্র থেকে হাওয়া বদলের ইঙ্গিত, আজ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে রাজ্য

ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের মানুষের । আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজও এই পরিস্থিতি বজায় থাকবে ।

BENGAL WEATHER REPORT
বৃষ্টিভেজা কলকাতার ছবি (ফাইল ছবি - পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2026 at 7:06 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 জুন: চাঁদিফাটা রোদ । সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমে ব্যতিব্যস্ত জনজীবন । সকাল থেকেই অস্বস্তিকর গরম আর বেলা বাড়লে তা অসহ্য হয়ে উঠছে । সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ।

আজকের আবহাওয়া যেমন থাকবে

আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বিকেল বা সন্ধ্যায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।

রাজ্যে বর্ষার আগমনের কোনও নির্দিষ্ট ঘোষণা আলিপুর আবহাওয়া অফিস এখনও দেয়নি । কেরলে এবার বিলম্বিত বর্ষা ৷ এখনও সেখানে বর্ষা আগমনের খবর মেলেনি ৷

রাজ্যে বর্তমান বৃষ্টি পরিস্থিতি

বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশায় । অন্যদিকে, উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে । দুইয়ের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ রাজ্যজুড়ে । উত্তরবঙ্গে ইতিমধ্যে ঝড়বৃষ্টি হচ্ছে । দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

দক্ষিণবঙ্গে আগামী দু'দিনের আবহাওয়ার পূর্বাভাস

আগামিকাল 5 জুন শুক্রবার পর্যন্ত স্থানীয় মেঘের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দু'টি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই ।

আজ বৃহস্পতিবার থেকে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে ।

শুক্রবারও এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া । এদিন থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গে আগামী দু'দিন যেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর । আগামী কয়েকদিন সেই বৃষ্টির দাপট বাড়তে পারে । শুক্রবার পর্যন্ত ওপরের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পাশাপাশি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এক বা দু'টি স্থানে ভারী বৃষ্টির (7 থেকে 11 সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে ।

শুক্রবার, সেই ভারী বৃষ্টির এলাকা আরও বিস্তৃত হয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের পাশাপাশি কোচবিহারেও হতে পারে ।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড

বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 01.02 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.02 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 01.04 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 89 এবং সর্বনিম্ন 49 শতাংশ ।