বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, কালীপুজো-ভাইফোঁটা কেমন কাটবে
West Bengal Weather News: একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ, কর্ণাটক ও তামিলনাডু উপকূলে । ভাইফোঁটায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

Published : November 5, 2026 at 7:47 AM IST
কলকাতা, 5 নভেম্বর: গত 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় 3.2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে । বুধবার সকালের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে অফিসগামী মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন ৷ ইএম বাইপাস ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কিছু অংশে জল জমে যায়, কোথাও কোথাও জল গোড়ালি পর্যন্ত পৌঁছে গিয়েছিল ।
তবে ভূত চতুর্দশী এবং কালীপুজো মোটের উপর শুষ্ক কাটলেও ভাইফোঁটায় ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে । তবে তারপর থেকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস ৷
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । তার বর্তমান অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিক । তবে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ, কর্ণাটক ও তামিলনাডু উপকূলে । বুধবারের মতো আজও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ৷ তবে তারপর থেকে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে ৷
দক্ষিণবঙ্গের আবহাওয়া যেমন থাকবে
রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । তবে কোথাও আংশিক মেঘলা আবার কোথাও পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা ।
শনিবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে । সোমবার থেকে ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে ।
উত্তরের আবহাওয়ার হালচাল
সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ৷ শনিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমতে পারে ।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে
সকালের দিকে মেঘলা থাকলেও পরে বেলা বাড়লে আংশিক মেঘলা বা পরিষ্কার আকাশ হতে পারে । জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি থাকতে পারে সকালে । ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সামান্য । তারপর থেকে শুষ্ক আবহাওয়াই থাকবে । কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম । সপ্তাহের শেষে তাপমাত্রা কমে মনোরম আবহাওয়া থাকার সম্ভাবনা ৷
কালীপুজোর পরদিন অর্থাৎ, সোম এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায় । বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সেদিন ।
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.02 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 02.05 ডিগ্রি সেলসিয়াস কম । দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.08 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 03.06 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 এবং সর্বনিম্ন 70 শতাংশ ।
আজ আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা ।দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

