শুধু তাইল্যান্ডের নয়, টুলুর আত্মীয়র কাছে ছিল অন্য দেশের টাকাও
বিভিন্ন দেশের টাকার পাশাপাশি বেশকিছু নথিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা । ধৃতকে টানা জেরা করছেন তদন্তকারীরা ।

Published : September 1, 2026 at 7:54 PM IST
|Updated : September 2, 2026 at 7:07 AM IST
বোলপুর, 1 সেপ্টেম্বর: বিভিন্ন দেশের 1 লক্ষ 27 হাজার টাকা মিলেছে ধৃত মাফিয়া টুলু মণ্ডলের আত্মীয়ের কাছ থেকে । আদালতে এমন দাবি করলেন মামলার সরকারি আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য । বোলপুর মহকুমা আদালত এই মহম্মদ মফিজুদ্দিন ওরফে শান্ত শেখকে আটদিনের হেফাজতে থাকার নির্দেশ নিয়েছে আদালত । কীভাবে এত বিদেশি টাকা তাঁর কাছে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ।
অন্যদিকে, বোলপুরের মহিদাপুরে ধৃতের বাড়িতে সোমবার মধ্যরাত পর্যন্ত তল্লাশি চালিয়েছে পুলিশ । তাতে বহু অবৈধ নথি উদ্ধার হয়েছে । কিন্তু সেগুলো ঠিক কী? তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হবে না, এমনটাই জানা গিয়েছে ।
মামলার সরকারি আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য বলেন, "একাধিক দেশের প্রায় 1 লক্ষ 27 হাজার 390 টাকা উদ্ধার হয়েছে, ভারতীয় 90 হাজার টাকাও ছিল ৷ আর বহু অবৈধ নথি পাওয়া গিয়েছে । তদন্তের স্বার্থে কোন কোন দেশের টাকা আর কী নথি সেটা এখন বলব না ৷ ধৃতকে 10 দিন হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ । 9 সেপ্টেম্বর ফের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক । কীভাবে এল এই টাকা সেটাই জিজ্ঞাসাবাদ করে বের করা হবে ।"
31 অগস্ট বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় মহিদাপুরের কাছে নাকা চেকিং করছিল পুলিশ । সেই সময় লাল রঙের একটি চারচাকা গাড়িকে আটক করা হয় । গাড়ি থেকে বেশকিছু বিদেশি টাকা উদ্ধার হয় ৷ তার মধ্যে রয়েছে তাইল্যান্ডের টাকা (থাই বাত) । আর এই ঘটনায় পুলিশ মহম্মদ মফিজুদ্দিন ওরফে শান্ত শেখকে গ্রেফতার করে ৷ বীরভূমের কুখ্যাত পাথর মাফিয়া মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ৷ তাঁর শ্যালক হলেন আবার এই মহম্মদ মফিজুদ্দিন ।
উল্লেখ্য, টুলু মণ্ডল এই মুহুর্তে ভারত ছেড়ে পালিয়েছেন । তাঁর বিরুদ্ধে সিউড়ি জেলা আদালত ইতিমধ্যেই হুলিয়া জারি করেছে ৷ পাশাপাশি, মাফিয়া টুলুর বিরুদ্ধে ইন্টারপোলের মারফৎ 'রেড কর্ণার' নোটিশ জারি করা হয়েছে । অর্থাৎ, বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদি, ললিত মোদির কায়দায় ভারত থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে ফেরার মাফিয়া টুলু ৷
14 সেপ্টেম্বরে মধ্যে সিউড়ি জেলা আদালতে টুলু মণ্ডল আত্মসমর্পণ না করলে তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার, এমনই নির্দেশ দিয়েছেন বিচারক । এর আগেও টুলুর আত্মীয় মীনার মণ্ডলের বাড়ি থেকে সাড়ে 28 কোটি টাকা-সহ 15 কেজি বিদেশি সোনার বাট উদ্ধার হয়েছিল ৷ পরে টুলুর সঙ্গে যোগসূত্রে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বাড়ি থেকে আরব ও পাকিস্তানের টাকা উদ্ধার করেছিল পুলিশ । এবার টুলুর আরেক আত্মীয় মহম্মদ মফিজুদ্দিন ওরফে শান্ত শেখের গাড়ি থেকে তাইল্যান্ড-সহ বেশ কয়েকটি দেশের টাকা উদ্ধার করল বীরভূম পুলিশ । যা নিয়ে রীতিমতো ঘুম ছুটেছে তদন্তকারী অফিসারদের ।

