ফের মৈপীঠের লোকালয়ে মিলল বাঘের পায়ের ছাপ ! আতঙ্কে গ্রামবাসীরা
পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি জানার চেষ্টা করছেন বনকর্মীরা ৷ এদিকে ফের বাঘের হামলার আশঙ্কা করছেন গ্রামবাসীরা ৷

Published : November 27, 2025 at 5:23 PM IST
কুলতলি, 27 নভেম্বর: শীতের মরশুম শুরু হতেই সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক ৷ সাতসকালে বাড়ির উঠানে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপের । এরপর থেকেই বাঘের আতঙ্কে ভয়ে কাঁটা হয়ে রয়েছে গোটা গ্রাম । ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরী মোহন এলাকায় ৷
গ্রামবাসীদের দাবি, বৃহস্পতিবার সকালে প্রথম ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা । এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রামবাসীদের ৷ এলাকাবাসীরা সেখানে পৌঁছে তাঁরাও নদীর চরের উপর বাঘের পায়ের ছাপ দেখতে পান । তা দেখে এলাকাবাসীরা বুঝতে পারেন এলাকার মধ্যে বাঘ ঢুকেছে । পরে এক ব্যক্তির বাড়ির উঠানেও বাঘের পায়ের ছাপের দেখা মেলে ৷ এরপর এলাকাবাসীরা খবর দেয় মৈপীঠ উপকূল থানাতে ৷ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ পাশাপাশি খবর পেয়ে বনকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন ।
বনদফতরের এক আধিকারিক বলেন, "ইতিমধ্যেই ওই বাঘের পায়ের ছাপের অনুসন্ধান করে বাঘের গতিবিধি জানার চেষ্টা চালাচ্ছি আমরা । বনকর্মীরা এলাকায় রয়েছে । সমস্ত দিক আমরা খতিয়ে দেখছি । মূলত শীতের সময় খাবারের সন্ধানে বাঘ জঙ্গল থেকে উপকূলে হানা দেয় । পরিস্থিতির উপর আমরা নজর রাখছি ।"

তবে বনদফতরের আশ্বাস সত্ত্বেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে এলাকাবাসীদের ৷ স্থানীয় বাসিন্দা মঙ্গলারানি পুষ্টি বলেন, "আজ সকালে বাড়ির পাশে নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পাই আমরা । সেটা অনুসরণ করে গিয়ে দেখি এক ব্যক্তির বাড়ির উঠানে এই বাঘের পায়ের ছাপ গিয়েছে । গতবছরও শীতের সময় এই এলাকায় বাঘ ঢুকে গিয়েছিল । আবারও এবছর বাঘের পায়ের ছাপ । আমরা খুব আতঙ্কে রয়েছি । আমরা চাই বনদফতরের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নিক । বাঘের আতঙ্কে সন্ধ্যাবেলা করে বাড়ির বাইরে কেউ বেরোচ্ছে না ।"

আরেক এলাকাবাসী দিলীপ দলপতি বলেন, "সকাল হতেই গ্রামের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । আশেপাশের সবাই বলাবলি করছিল যে এলাকার মধ্যে বাঘ ঢুকে গিয়েছে । আমি আগে বনদফতরের কাজ করতাম, সেই সুবাদে আমি ঘটনাস্থলে যাই এবং সেই পায়ের ছাপ আমি পরীক্ষা করে দেখি যে এটা বাঘের পায়ের ছাপ । এরপর আমি বনদফতরকে খবর দিই । বাঘের পায়ের ছাপ আমরা অনুসরণ করে দেখি রাস্তা থেকে এক ব্যক্তির বাড়ির উঠান পর্যন্ত বাঘ চলাফেরা করেছে । বাঘের বর্তমান অবস্থান এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়। গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে ৷ বনদফতরের পক্ষ থেকে একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে ।"

