ETV Bharat / state

ছুটির দিনে পর্যটকদের দর্শন দিল দক্ষিণরায়, ক্যামেরাবন্দি সুন্দরবনে

বনি ক্যাম্পে জল খেতে আসে রয়্যাল বেঙ্গল টাইগার ৷ দক্ষিণরায়কে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন পর্যটকরা ৷

Royal Bengal Tiger
ছুটির দিনে পর্যটকদের দর্শন দিল রয়্যাল বেঙ্গল টাইগার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 30, 2025 at 3:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কুলতলি, 30 নভেম্বর: ফের বাঘের দর্শন মিলল সুন্দরবনে ৷ বনি ক্যাম্পে রবিবার জল খেতে আসে দক্ষিণরায় ৷ সেসময় সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের ক্যামেরাবন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগার ৷ আর শীতের মরশুমে রৌদ্রোজ্জ্বল ছুটির দিনে ডোরাকাটার দর্শন পেয়ে দারুণ খুশি পর্যটকরা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে 16 জনের একটি পর্যটক দল শনিবার দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের কুলতলিতে কৈখালি এলাকায় ঘুরতে আসে । রবিবার সকালে বৈধ অনুমতি পত্র নিয়ে বনি ক্যাম্পে আসে তারা । বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের উপর থেকে জঙ্গল দর্শন করছিলেন পর্যটকদলের সদস্যরা, সেসময় পর্যটকদের নজরে ধরা দেয় স্বয়ং রয়্যাল বেঙ্গল টাইগার ৷

সুন্দরবনে ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার (ইটিভি ভারত)

সেখানে মিষ্টি জলের জলাশয়ের আশেপাশে প্রথমে ঘুরতে দেখা যায় দক্ষিণরায়কে ৷ আর বাঘের দর্শন পেয়ে ক্যামেরাবন্দি করতে ভোলেনলি পর্যটকরা । দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য বন আধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী বলেন, "বনদফতরের পক্ষ থেকে সুন্দরবনের জঙ্গলে এবং বনি ক্যাম্পে বাঘেদের জন্য বেশ কয়েকটি মিষ্টি জলের জলাশয় খনন করা হয়েছে । এই জলাশয়ে প্রায় সময় বন্যপ্রাণীরা পানীয় জল খেতে আসে । অন্যান্য বন্যপ্রাণীদের সঙ্গেও বাঘ এই জলাশয়ে জল খেতে আসে । সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের বনি ক্যাম্পে ওয়াচ টাওয়ারের মাধ্যমে সম্পূর্ণ জঙ্গল যেমন দেখানো যায়, তেমনই এই জলাশয় দেখা যায় ৷ সেখানেই পর্যটকদের সৌভাগ্য থাকলে বাঘেরও দর্শন মেলে ।"

ভ্রমণ পিপাসু বাঙালিদের শীতের মরশুমে অন্যতম ডেস্টিনেশন সুন্দরবন । প্রতিবছর এইসময় সুন্দরবনে ঘুরতে আসেন হাজার হাজার পর্যটক । পর্যটকদের সুন্দরবনের ঘুরতে আসার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ।

উল্লেখ্য, সুন্দরবনে 6 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাঘ গণনা অর্থাৎ সুমারি ৷ তার জন্য বন দফতরের তরফে সুন্দরবন অভয়ারণ্যে লাগানো হয়েছে ইনফ্রা-রে ট্র্যাপ ক্যামেরা ৷ দক্ষিণ 24 পরগনার বন দফতরের অধীনে থাকা সুন্দরবনের গভীর জঙ্গলে মোট 320টি ইনফ্রা-রে ক্যামেরা বসানো হয়েছে ৷ যার মধ্যে মাতলা রেঞ্জে 40টি, রায়দিঘি রেঞ্জে 140টি ও রামগঙ্গা রেঞ্জে 140টি ক্যামেরা লাগানো হয়েছে ৷ মাতলা রেঞ্জে একটি ও রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে বন দফতরের চারটে দল ক্যামেরা লাগানোর কাজ করেছে ৷