ETV Bharat / state

ভূমিকম্প নাকি গাফিলতি, তৈরির 24 ঘণ্টার মধ্যেই কলকাতায় চৌচির নতুন রাস্তা!

বিরোধীদের অভিযোগ, কলকাতার অন্য কোথাও তেমন ক্ষতি হল না, বিপজ্জনক পুরনো বাড়িও ভাঙল না— আর নতুন রাস্তা ফেটে গেল ?

Kolkata
দু’ফালা হয়ে গিয়েছে পিচের আস্তরণ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 27, 2026 at 9:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ফেব্রুয়ারি : বৃহস্পতিবারই ভাঙাচোরা রাস্তা সংস্কার করে পিচ পড়েছিল । দীর্ঘদিনের কাঁচা রাস্তার ভোগান্তি শেষে হাসি ফুটেছিল এলাকাবাসীর মুখে । কিন্তু সেই হাসি মিলিয়ে গেল 24 ঘণ্টা কাটতে না কাটতেই ! শুক্রবার দুপুরে কম্পনের পরই দেখা গেল, বেহালার পর্নশ্রীর মান্নাপাড়ায় সদ্য নির্মিত রাস্তা জুড়ে লম্বা ফাটল । কোথাও কোথাও প্রায় দু’ফালা হয়ে গিয়েছে পিচের আস্তরণ ।

শুক্রবার দুপুর 1টা 22 মিনিট নাগাদ কলকাতায় কম্পন অনুভূত হয় । প্রায় 52 সেকেন্ডে তিন দফায় কেঁপে ওঠে শহর । অফিস পাড়া থেকে আবাসনের বহুতল, আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষ জন ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। তার কিছু পরেই 132 নম্বর ওয়ার্ডের ওই রাস্তায় ফাটল চোখে পড়ে স্থানীয়দের । বাসিন্দারা জানিয়েছেন, 'আমার পাড়া, আমার সমাধান' প্রকল্পে বৃহস্পতিবারই রাস্তা পিচ করা হয়েছিল । শুক্রবারই সেই রাস্তার এই হাল দেখে আতঙ্ক ছড়ায় রাস্তার দু'পাশের বাসিন্দাদের মধ্যে ।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা । প্রাথমিক ভাবে মেরামতির কাজও শুরু হয়েছে । রাস্তার এক পাশেই রয়েছে একটি বড় পুকুর, যা চার দিক দিয়ে বাঁধানো । প্রশ্ন উঠেছে, পুকুরের পাশের নরম মাটি ধসে পড়ায় কি রাস্তা ফেটেছে ? নাকি ভূমিকম্পের প্রভাবেই এই চৌচির অবস্থা ?

ওই ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্রের দাবি, "বৃহস্পতিবার পিচ করা হয়েছিল । তারপরই শুক্রবারের এই ভূমিকম্পের জেরেই রাস্তায় ফাটল ।" তবে পুরসভা সূত্রে অন্য ইঙ্গিত মিলছে । জানা যাচ্ছে, পিচের আগে যে সোলিং বা ভিত্তি স্তর তৈরি করা হয়, সেখানে ত্রুটি ছিল । সেই স্তরে ফাটল ধরতেই উপরের পিচের আস্তরণ সরে গিয়েছে ।

রাস্তা তৈরির গুণগত মান নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে । বিরোধীদের অভিযোগ, "কাজের গাফিলতি ঢাকতে প্রাকৃতিক দুর্যোগকে ঢাল করা হচ্ছে । কলকাতার অন্য কোথাও তেমন ক্ষতি হল না, বিপজ্জনক পুরনো বাড়িও ভাঙল না— আর নতুন রাস্তা ফেটে গেল ?" তাঁদের দাবি, ভূমিকম্প না-হলেও এমন চিত্র সামনে আসতই ।

এলাকাবাসীর দাবি, দায় এড়িয়ে না-গিয়ে দ্রুত সঠিক পদ্ধতিতে রাস্তা তৈরি করা হোক । কারণ, নতুন রাস্তার স্বপ্ন ভেঙে এখন মান্না পাড়ায় শুধু আতঙ্ক আর অনিশ্চয়তার ছবি।