ETV Bharat / state

নকশালবাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত এক; আহত 7

কোচবিহার থেকে নেপালে ইটভাটায় কাজে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে শ্রমিকদের গাড়ি ৷ যার জেরে মৃত্যু হয় একজনের ও আহত হন 7 জন ৷

ROAD ACCIDENT IN COOCH BEHAR
ইটভাটায় যাওয়ার পথে নকশালবাড়িতে দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 9, 2025 at 5:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নকশালবাড়ি, 9 ডিসেম্বর: নকশালবাড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৷ মঙ্গলবার কোচবিহার থেকে নেপালে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা ৷ ইটভাটার শ্রমিকদের নিয়ে একটি বোলেরো গাড়ি এদিন নকশালবাড়ি 2 নম্বর এশিয়ান হাইওয়ের কোয়ার্টার মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ৷ দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয় ও দুই মহিলা এবং এক শিশু-সহ আহত হন 7 জন।

নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায় বলেন, "চালকের খোঁজ শুরু হয়েছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । আহতরা হাসপাতলে ভর্তি ৷ কী কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রশিদ মিঞা (48)। তিনি কোচবিহারের ঘোকসাডাঙার বাসিন্দা। আহতরাও কোচবিহারের বাসিন্দা। শিলিগুড়ি হয়ে নেপালের একটি ইটভাটায় শ্রমিকের কাজে যাচ্ছিলেন তাঁরা। এদিন ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির কাছাকাছি কোয়ার্টার মোড়ে রাস্তার ধারে গাড়িটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অনুমান করা হচ্ছে, গাড়িটি কোনও লরির পিছনে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নিচু জায়গায় পড়ে যায়।

দুর্ঘটনার পর গাড়িটি রাস্তা থেকে প্রায় 40 ফুট নীচে পড়ে । গাড়িটি দুমড়ে-মুছড়ে যায় ৷ বিকট আওয়াজ হতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয়রা খবর দেন, নকশালবাড়ি থানার পুলিশকে। নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ দুর্ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক। নকশালবাড়ি থানার পুলিশ ক্ষতিগ্রস্থ গাড়িটিকে রিকভারি ভ্যানের মাধ্যমে রাস্তার পাশ থেকে তুলে থানায় নিয়ে যায়। ইতিমধ্যেই নকশালবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

উল্লেখ্য, রবিবার রাতে কার্শিয়াং থেকে সিটং ফেরার পথে তীব্র কুয়াশার পথ দুর্ঘটনা ঘটে ৷ আচমকা কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায় ৷ নির্জন পাহাড়ে দুর্ঘটনার খবর প্রথমে জানতেই পারেননি কেউই। দীর্ঘক্ষণ পর সোমবার সকালে উদ্ধার হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। পাশপাশি তিন জনের দেহও উদ্ধার করা হয় ৷ মৃতদের মধ্যে ছিলেন স্থানীয় এক পঞ্চায়েত সদস্য। তিনি অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) দলের সদস্য ছিলেন।

অন্যদিকে, সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথ দুর্ঘটনায় প্রাণ যায় বিএলও'র ৷ বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ সেরে স্কুল যাওয়ার পথে তাঁকে পিষে দেয় একটি দ্রুত গতির ট্রাক ৷ মৃত বিএলও'র নাম অরবিন্দ মিশ্র (32) ৷