কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া
কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলছে আইনি পরামর্শ ৷ তবে নিয়োগের ধরন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Published : November 9, 2025 at 8:09 PM IST
কলকাতা, 9 নভেম্বর: দীর্ঘ বিরতির পর আবারও নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, অধ্যাপক, কর্মী ও আধিকারিক পদে শূন্যস্থান পূরণের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে। 2019 সালে একবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়, কিন্তু নানা কারণে প্রক্রিয়া আর এগোয়নি।
সদ্য দায়িত্ব নেওয়া উপাচার্য আশুতোষ ঘোষ জানিয়েছেন, পঠনপাঠনের মানোন্নয়ন এবং শিক্ষক নিয়োগই তাঁর প্রথম লক্ষ্য। তাঁর কথায়, "বিশ্ববিদ্যালয় ও পড়ুয়াদের স্বার্থে অধ্যাপক নিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।" তবে নিয়োগের ধরন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, আগের বিজ্ঞপ্তি বহাল রাখা হবে নাকি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা এখনও বিচারাধীন সুপ্রিম কোর্টে।
6 নভেম্বর প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ জানায়, সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টে এ বিষয়ে আর কোনও শুনানি করা যাবে না। ফলে নিয়োগ প্রক্রিয়া কোন পথে এগোবে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে।
তবুও প্রশাসনিক সূত্রের দাবি, সব আইনি দিক বিবেচনা করে দ্রুত নিয়োগ শুরু করার চেষ্টা চলছে। পরিসংখ্যান বলছে, 2017-18 সালে শেষবার অধ্যাপক নিয়োগ হয়েছিল। বর্তমানে প্রায় 59 শতাংশ অধ্যাপক পদ খালি। প্রশাসনিক আধিকারিকের পদেও রয়েছে 30-40 শতাংশ ঘাটতি। স্থায়ী শিক্ষাকর্মী নিয়োগ হয়নি প্রায় 18 বছর, ফলে সেই পদেও শূন্যতার হার 70 শতাংশ ছাড়িয়েছে।
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় মানেই এক ঐতিহ্য। সত্যজিৎ রায় থেকে শুরু করে অমর্ত্য সেন, প্রণব মুখোপাধ্যায়-সহ বহু নামকরা ব্যক্তিত্ব, শিল্প-সাহিত্য জগতের বহু প্রতিভাশালী এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেছেন। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে পড়েছে বহু বিদেশি গুণীজনের পায়ের ছাপ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ও উপাচার্য ছিলেন যথাক্রমে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ও স্যর উইলিয়াম কোলভিল । তবে স্বনামধন্য এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে স্থায়ী উপাচার্যের অভাব ছিল ।
তবে এখন সেই ছবিটা নেই ৷ সদ্য কাজে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশুতোষ ঘোষ। প্রথম দিনই তিনি জানিয়েছিলেন অধ্যাপক, কর্মী-আধিকারিক নিয়োগ করে পঠনপাঠনের উন্নতিসাধন তাঁর প্রাথমিক লক্ষ্য। যাতে যোগ্যতামানে হৃতগৌরব পুনরুদ্ধার করতে বিশ্ববিদ্যালয়। কিন্তু নিয়োগ পদ্ধতি নিয়ে এখনই কিছু জানাননি তিনি ৷

