ETV Bharat / state

সিনেমার টাকায় বাড়িতেই হাসপাতাল বানাবেন দেবের ফিল্মের রিয়েল হিরো

একটি অনাথ আশ্রম করারও স্বপ্ন দেখেন পদ্মশ্রী প্রাপ্ত বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক ।

ETV BHARAT
সিনেমার টাকায় বাড়িতেই হাসপাতাল বানাবেন দেবের ফিল্মের রিয়েল হিরো (চিত্র: সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 28, 2025 at 7:20 PM IST

4 Min Read
Choose ETV Bharat

জলপাইগুড়ি, 28 ডিসেম্বর: পদ্মশ্রী প্রাপক বাইক অ্যাম্বুলেন্স চালক করিমুল হকের জীবন কাহিনি নিয়ে ফিল্ম তৈরি হচ্ছে । ছবির লভ্যাংশ দিয়ে করিমুল হক তাঁর বাড়িতে গরিব মানুষের জন্য গড়ে তুলবেন হাসপাতাল সেবা সদন ৷ একটি অনাথ আশ্রমও করতে চান করিমুল । তাঁর সমাজ সেবার কাজে আপ্লুত অভিনেতা দেব । তিনি তাঁর আসন্ন বাংলা ছবিতে করিমুল হকের চরিত্রেই অভিনয় করতে চলেছেন ৷ নিজের ছবির রিয়েল লাইফ হিরোর অবদান মুগ্ধ করেছে অভিনেতাকে ৷ তিনি করিমুলের বাড়িতে থেকে মূল চরিত্রকে বুঝবেন ৷ সেই উপলব্ধি আত্মস্থ করে তা তুলে ধরবেন ক্যামেরার সামনে ৷

জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ক্রান্তির রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত ধরলাগুড়ি গ্রামের বাসিন্দা করিমুল হক । 1995 সালে অসুস্থ মা জফুরেননেসা বেওয়াকে একটি অ্যাম্বুলেন্সের অভাবে বাঁচাতে পারেননি । অ্যাম্বুলেন্স না-পাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর মা ৷ বিনা চিকিৎসায় মায়ের এই মৃত্যু মেনে নিতে পারেননি করিমুল । সেই ঘটনার পর তিনি শপথ নেন, আর কোনও মা বা কাউকে যাতে অ্যাম্বুলেন্সের অভাবে মরতে না-হয়, সেজন্য নিজের জীবন উৎসর্গ করবেন । সেই থেকে বাইক অ্যাম্বুলেন্স নিয়ে শুরু হয় তাঁর পথ চলা ।

ETV BHARAT
রোগীদের বাঁচাতে রিয়েল বাইক অ্যাম্বুলেন্স দাদার লড়াই (নিজস্ব চিত্র)

শুরু হয় বাইকে করে অসুস্থ রোগীকে নিয়ে গ্রামের পথ পেরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার লড়াই । এভাবেই কয়েক বছরে তিনি জরুরি পরিষেবা দিয়ে বাঁচিয়েছেন সাত হাজার মানুষকে ৷ সমাজে তাঁর এই অবদানের জন্য 2017 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে । গ্রামের গরিব অসুস্থ মানুষকে কখনও সাইকেলে, আবার কখনওবা মোটরবাইকে চাপিয়ে পৌঁছে দিয়েছেন হাসপাতালে । কখনও মালবাজার মহকুমা হাসপাতাল, আবার কখনও জলপাইগুড়ি জেলা সদর হাসপাতাল, রোগীকে যত দ্রুত সম্ভব চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চলেছে তাঁর অদম্য সংগ্রাম ।

2018 সালে মুম্বইয়ের চিত্রনির্মাতা বিনয় মুদগিল করিমুল হকের বায়োপিক তৈরির জন্য চুক্তিবদ্ধ হন । চুক্তিতে স্বাক্ষর করার পর নির্মাতা তাঁর বাড়িতে ঘুরে গিয়েছেন ৷ এই ধরনের বায়োপিক তৈরির ক্ষেত্রে গল্পের মূল চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ধন্ধ থাকে নির্মাতা ও পরিচালকদের মধ্যে ৷ বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক জানান, "2018 সালে বিনয় মুদগিলের সঙ্গে হিন্দিতে বায়োপিক করার চুক্তি হয়েছিল । কিন্তু আমার চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক করা যায়নি । এরপর আমি মুদগিল সাহেবকে বলি, বাংলাতে এই ছবি করার জন্য দেবকে মূল চরিত্র দেওয়া হোক । উনিও রাজি হয়ে যান । দেব আমার প্রস্তাব ফেরাননি । আমার বাড়িতে থাকবেন দেব । আমার চরিত্রে অভিনয় করার জন্য তিনি কয়েকদিন ধরে আমার জীবন চাক্ষুষ করবেন ।"

করিমূলের চরিত্রে অভিনয় নিয়ে বেশ আশাবাদী দেব ৷ তিনি জানান, "করিমুল হকের বাইক অ্যাম্বুলেন্স দাদার চরিত্রে অভিনয় করব, বেশ ভালো লাগছে । আশা করি, বায়োপিকটা ভালো হবে । কলকাতা ও জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে বিভিন্ন জায়গায় শুটিং হবে । এর আগেও জলপাইগুড়িতে শুটিং করেছি । আমার কাছে এটা পরিচিত জায়গা । ভালো লাগছে ।" উল্লেখ্য, আগামী বছরেই দেব অভিনীত বাংলা ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' মুক্তি পাবে বলে খবর উড়ছে বিনোদনের দুনিয়ায় । দিন দুয়েক আগেই নিজের জন্মদিনে সেই ছবির পোস্টার প্রকাশ করেছেন অভিনেতা ৷

পদ্মশ্রী সম্মান সারা দেশে পরিচিত করেছে বাইক অ্যাম্বুলেন্স দাদাকে ৷ এবার সিনেমার পর্দায় দেখা যাবে তাঁর জীবন কাহিনি । বাড়িতে সেবাসদন করে রোগীদের সুস্থ করে তোলাই এখন তাঁর স্বপ্ন । সেজন্য নিজের বাড়িতেই বানাচ্ছেন হাসপাতাল । তাঁর কথায়, "সিনেমা থেকে আমাকে যে অর্থ দেওয়া হবে, তা দিয়ে আমি হাসপাতাল গড়ার কাজ করব ।" তাঁর এই সমাজ সেবামূলক কাজের মাধ্যমে উত্তরবঙ্গের যুব সমাজকে অনুপ্রাণিত করতে চান করিমুল ৷