ETV Bharat / state

আমার সামনে এলে জিভ-চোখ দু’টোই তুলে নিতে পারি, মহিলাদের সম্পর্কে কুমন্তব্য নিয়ে হুঁশিয়ারি রাজের

মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট, টিটাগড় থানায় এফআইআর রাজ চক্রবর্তীর৷

RAJ CHAKRABORTY
রাজ চক্রবর্তী (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 15, 2025 at 9:13 PM IST

5 Min Read
Choose ETV Bharat

ব‍্যারাকপুর (উত্তর 24 পরগনা), 15 ডিসেম্বর: যুবভারতীতে বিশৃঙ্খলার দায় কার? এই নিয়ে যখন সরগরম রাজ‍্য-রাজনীতি, তখন আবার লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সমাজমাধ‍্যমে পোস্ট করায় চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছে টলিউডের পরিচিত মুখ, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুধু তাই নয়, তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করারও অভিযোগ উঠেছে একাংশের বিরুদ্ধে। সেই ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রীর স্বামী তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।

সোশাল মিডিয়ায় স্ত্রীকে চূড়ান্ত কটাক্ষ করায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ। এর আগে, রবিবার সোশাল মিডিয়ায় শুভশ্রীর সমর্থনে একটি লম্বা পোস্ট করেছিলেন, তাঁর বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী। কিন্তু, তার পরেও থামেনি কুৎসা। তাই, গোটা বিষয়টি লিখিত আকারে টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।

আমার সামনে এলে জিভ-চোখ দু’টোই তুলে নিতে পারি, মহিলাদের সম্পর্কে কুমন্তব্য নিয়ে হুঁশিয়ারি রাজের (ইটিভি ভারত)

তার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি এই ইস্যুতে কড়াবার্তা দেন প্রখ্যাত এই চিত্র পরিচালক৷ তিনি বলেন, ‘‘একটা এফআইআর করলাম৷ কার নামে করলাম এখনই বলছি না৷ সময়মতো সব জানতে পারবেন৷ কারণ, কিছু মানুষ সোশাল মিডিয়াতে মহিলাদের সম্পর্কে নোংরা কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন৷’’ এই ঘটনার পিছনে রাজনৈতিক মদতও রয়েছে বলে রাজ চক্রবর্তী দাবি করেছেন৷

আর মহিলাদের সোশাল মিডিয়ায় যাঁরা ট্রোল করেন, তাঁদের উদ্দেশ্যে রাজের বার্তা, ‘‘যাঁরা মহিলাদের ট্রোল করেন, মহিলাদের কুইঙ্গিত করেন, আমি সেই সব মানুষদের ঘেন্না করি৷ সেটা শুধু আমার পরিবারের জন্য নয়, যেকোনও মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে, সে রাস্তায় হোক, সোশাল মিডিয়ায় হোক, আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি৷ ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক আমি তার জিভ-চোখ দু’টোই তুলে নিতে পারি৷’’

উল্লেখ্য, গোটা বিষয়টি শুরু হয়েছিল শনিবার থেকে। ফুটবলের রাজপুত্র মেসিকে দেখতে না-পেয়ে শনিবার সকালে চরম বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতীতে। এদিন মেসি ম্যাজিক দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু লিওনেল মেসি মাঠে আসার পরেই তাঁকে ঘিরে থাকেন ভিআইপি, মন্ত্রী ও অন্যান্যরা। এমনই অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছিল দর্শকদের একাংশকে।

চূড়ান্ত বিশৃঙ্খলা, তাণ্ডবের মধ্যেই ফুটবলের কিংবদন্তি মেসি যখন মাঠ ছাড়েন, তখন ক্ষোভে ফেটে পড়েন আশাহত দর্শকরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে একবারের জন্যও দেখতে না-পাওয়ার আক্ষেপ ভুলতে কেউ চেয়ার উপড়ে ছুঁড়ে ফেলেছেন মাঠে, আবার কেউ স্টেডিয়াম থেকে ফুলের টব বা ঘাসের কার্পেট নিয়ে চলে গিয়েছেন। আর এই ডামাডোলের মধ্যেই হঠাৎ সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে শুরু করে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে উদ্দেশ্য করে!

মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন মাঠে চলছে চূড়ান্ত বিশৃঙ্খলা, সেই সময়ে সোশাল মিডিয়ায় একাধিক ছবি আপলোড করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, মাঠের ভিতরে জায়ান্ট স্ক্রিনে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশানে লিখেছেন, 'GOAT India tour-এ বাংলার সিনেমা জগতের প্রতিনিধিত্ব করছি। 'আর এই ছবি সোশাল মিডিয়ায় শুভশ্রী আপলোড করতেই, তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

যেখানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ লিওনেল মেসিকে ভালো করে দেখতে পর্যন্ত পাননি, সেখানে তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন, এই বিষয়টি-কে মোটেই ভালোভাবে নেননি সাধারণ মানুষ। অনেকের মতেই, শুভশ্রীর থেকে মেসির অনেক বড় অনুরাগীরাই সেদিন স্টেডিয়ামে ছিলেন। কিন্তু একসঙ্গে ছবি তোলা তো দূরঅস্ত, মেসিকে গ্যালারি থেকে দেখতেই পাননি সাধারণ মানুষ।

Raj Chakraborty
রাজ চক্রবর্তীর ফেসবুক পোস্ট (ছবি সৌজন্য - ফেসবুক)

অনেকেই শুভশ্রীকে কটাক্ষ করে লিখেছেন, 'তৃণমূলের MLA-র স্ত্রী হওয়ার কারণেই এতটা প্রাধান্য পেয়েছেন শুভশ্রী।' অনেকে আবার কটাক্ষ করে শুভশ্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, 'শুভশ্রী ফুটবলের আদৌ কিছুই জানেন না। অথচ এমন একজন মানুষ মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেলেন কী করে?’

আর এই কটাক্ষের আবহেই, শুভশ্রীর পাশে দাঁড়িয়ে রবিবার একটি পোস্ট করেছিলেন তাঁর বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী। প্রথমেই তিনি স্বীকার করে নিয়েছেন, 'শনিবার যুবভারতীতে যে ঘটনা ঘটেছে, সেটা ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান।' পাশাপাশি রাজ এ-ও জানান, তিনি চান দোষীরা শাস্তি পাক। কিন্তু শুভশ্রীকে মেসির সঙ্গে ছবি পোস্ট করার জন্য যেভাবে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, তাতে রীতিমতো আহত রাজ। অনেকে টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তার খেসারত কেন শুভশ্রীকে দিতে হচ্ছে, সেই প্রশ্ন তুলেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী৷

তিনি পাল্টা লেখেন, 'শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না? একজন মানুষের লিঙ্গ, পেশা, সম্পর্কের নিরিখে একাধিক সামাজিক পরিচয় থাকে। ঠিক তেমনই শুভশ্রী মা, কখনও বোন, কখনও স্ত্রী, কখনও অভিনেত্রী, কখনও বন্ধু, কখনও আবার কারও ফ্যান। সব কিছুর উপর তিনি একজন মানুষ।' পোস্টে রাজ আরও বলেন, 'পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারিরীক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান-পরিবার সব কিছুই সমালোচনায় বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে?'

সোশাল মিডিয়ায় পোস্ট নিয়ে রাজ চক্রবর্তীর বক্তব্য, ‘‘খেলায় যে গন্ডগোল হয়েছে, তা অবশ্যই নিন্দনীয়৷ তার পর শুভশ্রীকে নিয়ে যে কথাগুলি বলা হয়েছে...একটা পর্যায় পর্যন্ত সহ্য করা যায়৷ তার পর আর সহ্য করা যায় না৷ একজন নারীর শারীরিক গঠন, পরিবার, সন্তান নিয়ে যাঁরা এগুলো করছেন, তাঁদের সকলকে চিহ্নিত করে এর বিরুদ্ধে পদক্ষেপ করব৷ সোশাল মিডিয়ায় লিখতে বাধ্য হয়েছি৷’’

এদিকে, রাজ চক্রবর্তীর পোস্টের পরেও কটাক্ষ থামেনি। সোশাল মিডিয়ায় দেদার শেয়ার হচ্ছে মিম। এই পরিস্থিতিতে রবিবার রাতে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন রাজ। সেই সঙ্গে রাজ যুবভারতীর ঘটনারও নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘ম্যানেজমেন্টের দোষ৷ সরকার তো আনেনি৷ আমার মনে হয় বেসরকারি কোনও সংস্থা এনেছিল৷ যেকোনও কারণেই হয়ে থাকুক, খারাপ হয়েছে৷ না হলে ভালো হতো৷’’

আরও পড়ুন -

  1. মেসি দর্শনে চূড়ান্ত বিশৃঙ্খলা 'মক্কা অফ ইন্ডিয়ান ফুটবল'-এ ! বিরক্ত স্বরূপ-দেব
  2. এত মানুষ মেসিকে ঘিরে না থাকলেও পারতেন... - মাঠ থেকে প্রতিক্রিয়া অভিনেতাদের