সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরেও বর্ষণের পূর্বাভাস
আজ মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।

Published : August 27, 2026 at 7:47 AM IST
কলকাতা, 27 অগস্ট: দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি । শনি থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বৃষ্টি চললেও অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরমের অনুভূতি কমছে না ৷ আপাতত এমনই চলবে ৷
দক্ষিণবঙ্গের জন্য দেওয়া আলিপুরের পূর্বাভাস
এই বিষয়ে কথা বলতে গিয়ে আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গের উপর বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে । এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বৃহস্পতিবারও মূলত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । তবে 28 অগস্ট শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে । এরপর ফের বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে । 29 থেকে 31 অগস্ট অর্থাৎ, শনি থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । বিশেষ করে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
29 অগস্ট শনিবার দুই 24 পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই জেলাগুলির দু-এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে ।
30 অগস্ট রবিবার দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
31 অগস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে । অন্যান্য জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ।
তবে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে । ফলে বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিললেও দিনের বিভিন্ন সময়ে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে ।
উত্তরের আবহাওয়ার হালচাল
উত্তরবঙ্গেও আগামী দু'দিন কয়েকটি জেলায় বৃষ্টির দাপট থাকবে । আজ 27 অগস্ট বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এরপর ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার দিকে যেতে পারে ।
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.05 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 00.02 ডিগ্রি সেলসিয়াস কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.03 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 01.07 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 এবং সর্বনিম্ন 75 শতাংশ ।
কলকাতার আবহাওয়া যেমন থাকবে
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । শনি থেকে সোমবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে । এই সময় দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে । এর প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে । 29 থেকে 31 অগস্ট বৃষ্টির পরিমাণ বাড়লে সাময়িকভাবে তাপমাত্রাজনিত স্বস্তি মিলতে পারে । তবে আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কাটবে না ।

