ফের র্যাগিংয়ের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ
তুলনামূলক সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র র্যাগিংয়ের অভিযোগ জমা দিয়েছেন বলে খবর৷

Published : February 26, 2026 at 9:52 PM IST
কলকাতা, 26 ফেব্রুয়ারি: ফের র্যাগিংয়ের অভিযোগ সামনে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আবারও অভিযোগ উঠে এল কলা বিভাগ থেকে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তুলনামূলক সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র হেনস্তার অভিযোগ করেছেন। ইতিমধ্যেই তিনি ডিন অফ স্টুডেন্টসের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং অ্যান্টি র্যাগিং স্কোয়াড তদন্ত শুরু করেছে।
গত 18 ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। তাঁর দাবি, 13 ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ কয়েকজন বন্ধুর সঙ্গে ডিন অফ আর্টসের ঘরের পাশের একটি কক্ষে বসে তাস খেলছিলেন। সেই সময় কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া সেখানে এসে তাঁদের হেনস্তা করতে শুরু করেন।
অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ করে নানা কটূক্তি করা হয়৷ হাততালি দিয়ে স্লোগানও দেওয়া হয়। বিভাগ থেকে বের করে দেওয়া এবং মারধরের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এমনকি তাঁকে গণপিটুনির ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেছেন ওই ছাত্র।
অভিযোগকারী ছাত্রের দাবি, এই প্রথম নয়, এর আগেও তাঁকে বিভিন্নভাবে উত্যক্ত করা হয়েছে। এক ছাত্রীর নাম উল্লেখ করে তিনি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিদ্রূপ করা হতো। অভিযোগপত্রে ছাত্র-রাজনীতির প্রসঙ্গও উঠে এসেছে, যদিও তাঁর নিজস্ব রাজনৈতিক পরিচয় স্পষ্ট নয়।
এছাড়াও, বাংলা বিভাগের এক প্রাক্তনীর বিরুদ্ধেও অভিযোগ করেছেন ওই ছাত্র। তাঁর দাবি, ওই প্রাক্তনী একটি ছাত্র সংগঠনের সভায় যোগ দেওয়ার জন্য চাপ দিতেন এবং নির্দেশ অমান্য করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে বলে হুমকি দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি এবং মনোবিদের সাহায্য নেওয়ার পর আবার পড়াশোনায় ফিরেছেন বলে জানিয়েছেন।
ডিন অফ স্টুডেন্টস অনুপম দেব সরকার বলেন, ‘‘অভিযোগটি পাওয়া গিয়েছে এবং বিষয়টি অ্যান্টি র্যাগিং স্কোয়াডের কাছে পাঠানো হয়েছে। তারা তদন্ত করে রিপোর্ট জমা দেবে অ্যান্টি র্যাগিং কমিটির কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’
উল্লেখ্য, বছর কয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়৷ ব়্যাগিংয়ের জেরে ওই ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে৷ সেই সময় ওই ঘটনা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা৷ বেশ কয়েকজন পড়ুয়াকে গ্রেফতারও করা হয়৷ তার পরও পড়ুয়াদের হেনস্তার বেশ কয়েকটি অভিযোগ সামনে আসে৷ ফের আরেকবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের অভিযোগ উঠল৷

