কলকাতায় রয়েছে 98 বছর পুরনো 'অনাথ' চায়ের দোকান ! নাম রেখেছিলেন স্বয়ং কবিগুরু
এই দোকানে মেলে 500 থেকে শুরু করে 50 হাজার টাকা কেজি দরের নানা কোয়ালিটির চা ৷ দূর-দূরান্ত থেকে ক্রেতা আসেন সেই চা কিনতে ৷

Published : January 7, 2026 at 10:14 PM IST
কলকাতা, 7 জানুয়ারি: এই শহর কলকাতাতেই রয়েছে এক 'অনাথ' চায়ের দোকান । সেই চায়ের দোকানের বয়স এখন প্রায় 100 ছুঁই ছুঁই ৷ আলফানসো টি, ব্লু টি থেকে ওয়াইন টি, হরেকরকমের চা পাওয়া যায় সেখানে । আর এই দোকানের নাম রেখেছিলেন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ।
কোথায় এই চায়ের দোকান ?
কলকাতা পুলিশের সদর দফতরের ঠিক পাশে, 20/1B লালবাজার স্ট্রিটে রয়েছে এই দোকান ৷ এই দোকানের আসল নাম 'new Orphan Tea' ৷ Orphan বা অনাথ শব্দের অর্থ সকলের জানা । যে সমস্ত শিশু বা প্রাণীর বাবা-মা মারা গিয়েছে বা ছেড়ে চলে গিয়েছে তাদের অনাথ বলা হয় । গ্রীক ορφανός orfanós শব্দ থেকেই Orphan শব্দের জন্ম । যা সজীব বস্তু বা প্রাণীরদের বিষয়ে এই শব্দটি ব্যবহার হয় । কোনও প্রাণহীন বস্তু বা প্রতিষ্ঠানকে অনাথ বলা যায় না । কিন্তু, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশের অধীনে থাকা ভারতবর্ষে একাধিক প্রতিষ্ঠান বা সংস্থাকে 'অনাথ নাম দেওয়া হতো । প্রতিবাদ স্বরূপ এই শব্দ ব্যবহার করা হতো ।
দোকানের নামকরণের পিছনের কারণ
'New Orphan Tea'র বর্তমান মালিকের দাবি অনুযায়ী, এই দোকানটি 1928 সালে প্রতিষ্ঠিত হয় । তখন ব্রিটিশের রাজধানী ছিল কলকাতা ৷ আর কলকাতার কয়েকটি প্রতিষ্ঠানকে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর Orphan নামে আখ্যায়িত করেছিলেন । তার মধ্যে একটি হল 'New Orphan Tea' দোকানটি ৷

বর্তমানে New Orphan Tea-র মালিকানা সন্দীপ বিশ্বাস এবং রাজদীপ বিশ্বাসের হাতে ৷ রাজদীপের স্ত্রী দীপান্বিতা বিশ্বাস বলেন, "ব্রিটিশদের অধীনে থাকা ভারতবর্ষের মানুষ নিজেদের অনাথ বলেই মনে করতেন । নিজের দেশে থেকে নিজের এলাকায় থেকে নিজেদের কোনও স্বাধীনতা ছিল না । ব্রিটিশের অধীনে থেকে স্বাধীনভাবে নিজের ব্যবসা করা কিংবা বেঁচে থাকতেই চ্যালেঞ্জ স্বরূপ এই দোকানের নাম 'অরফ্যান টি' দেওয়া হয়েছিল । একাধিক প্রতিষ্ঠানের নাম অরফ্যান বা অনাথ দেওয়া হয়েছিল । রবীন্দ্রনাথ ঠাকুর এই নাম দিয়েছিলেন বলে আমরা জেনে এসেছি ।"

এই একই নামে বর্তমানে শ্যামবাজারে আরও একটি চায়ের দোকান আছে । যদিও এই নাম থাকাতে কোনও আপত্তি নেই বর্তমান 'New Orphan Tea'র মালিকদের । তবে পুরনো স্মৃতি-ঐতিহ্য বা কবির দেওয়া নাম আজও বহন করে চলেছে এই চায়ের দোকান ৷ মালিকপক্ষের দাবি, কবিগুরুর বা ইতিহাসের স্মৃতি বয়ে বেড়ানোটা তাদের কাছে ভাগ্যের ব্যাপার ৷

কিন্তু বর্তমানে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়, বলেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে মালিকপক্ষের তরফে । কোভিড পরবর্তী সময়ে চায়ের ব্যবসা বড় আকারে ধাক্কা খায় । যা গত কয়েক মাসে কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে বলে তাদের দাবি ।

বিভিন্ন স্বাদ-কোয়ালিটির চা
বিভিন্ন স্বাদের ও বিভিন্ন কোয়ালিটির চা পাওয়া যায় এই দোকানে । দোকানের মালিক রাজদীপ বিশ্বাস বলেন, "নতুন ফ্লেভারের চা তরুণ প্রজন্মকে উপহার দিতে নানারকম চর্চা গবেষণাও চলছে ধারাবাহিকভাবে । মূলত, 500 টাকা কেজি থেকে শুরু করে 50 হাজার টাকা কেজি দরের নানা কোয়ালিটির চা আমরা বিক্রি করি ।"

দীর্ঘদিন ধরে এই দোকানের কাজ করছেন সত্তরোর্ধ্ব কল্যাণ সরকার । তিনি বলেন, "অরফ্যান তারাই যাদের কেউ নেই । আমারও পৃথিবীতে কেউ নেই । আমি দীর্ঘদিন ধরে এই দোকানে কাজ করছি । 30 বছরের বেশি সময় ধরে চায়ের দোকানে কাজ করছি । রবীন্দ্রনাথ ঠাকুরের এই দোকানের নাম দিয়েছিলেন । দোকানের বর্তমান মালিকরা সেই নাম আজও বহন করছেন । একইভাবে আমাকেও রেখে দিয়েছেন । যার কেউ নেই ।"

ক্রেতাদের পছন্দ এই দোকানের চা
ক্রেতাদের দাবি, এই দোকানের চায়ের গুণমান ভালো । তাই কেউ দশ বছর তো কেউ 15 বছর ধরে এই দোকান থেকে চা কিনছেন । অনেকে আবার বন্ধু-আত্মীয়দের থেকে দোকানের নাম শুনে এখানে চা কিনতে এসেছেন ।

সেই সমস্ত ক্রেতাদের মধ্যে বর্তমানে ভিন রাজ্যে কর্মরত হাওড়া সাঁকরাইলের বাসিন্দা অরিত্র বন্দ্যোপাধ্যায় বলেন, "এই দোকানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানি না । তবে, আমার এক পরিচিত এই দোকান থেকেই চা কেনেন । যিনি বর্তমানে বিদেশে থাকেন । এখান থেকেই চা কিনে বিদেশে নিয়ে যান । তার রেকমেন্ডেশনে এই দোকানে চা কিনতে এসেছি । আমরা স্বামী-স্ত্রী দুজনেই চা পছন্দ করি । স্বাভাবিকভাবে ভালো চায়ের সন্ধান পেলে তো আসতেই হবে ।" আরেক ক্রেতা তপন দাস বলেন, "10 বছর ধরে এই দোকানে চা কিনছি ৷ খুব ভালো চা পাওয়া যায় ৷"

চা প্রিয় বাঙালি ৷ সকাল, দুপুর হোক বা রাত চা পানে না নেই ৷ আর শীতের মরশুমে নানা স্বাদের চায়ে চুমুক দিতে চাইলে একবার ঘুরে আসতে পারেন 'New Orphan Tea' তে ৷

