ETV Bharat / state

কলতলায় মহিলাদের কটূক্তি ! মদ্যপের কুঠারের কোপে প্রাণ গেল প্রতিবাদীর

স্থানীয়দের অভিযোগ, আদিবাসী পাড়ায় বাড়ি বাড়ি মদ বিক্রি হয় । এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ৷ সে কারণেই মহিলাদের প্রাণ বাঁচাতে গিয়ে গোপালকে মরতে হল ৷

durgapur
পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 4:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 2 মার্চ: কলতলায় দুই মহিলাকে উত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন তিনি । অভিযোগ, সেই 'অপরাধে'ই প্রাণ দিতে হল গোপাল দাস (30) নামে স্থানীয় এক যুবককে । রবিবার গভীর রাতে দুর্গাপুর থানার পলাশডিহা দক্ষিণপাড়ার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয় ৷ খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পলাশডিহা আদিবাসী দক্ষিণপাড়ায় কল থেকে জল ভরছিলেন দুই মহিলা । অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় হাজির হয় বিজয় টুডু নামে এক যুবক । অভিযোগ, মহিলাদের উদ্দেশ্য করে সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে ৷ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলেন পেশায় গাড়ির চালক, গোপাল দাস । কলতলায় দাঁড়িয়ে মহিলাদের হেনস্থা হতে দেখে প্রতিবাদ করেন তিনি ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গোপাল অভিযুক্তকে বলেন, "এ ভাবে রাস্তায় গালিগালাজ না করে বাড়ি যান ।" সেই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজয় । অভিযোগ, বাড়ি থেকে একটি ধারালো কুঠার নিয়ে এসে আচমকাই গোপালের মাথায় সজোরে কোপ মারে । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গোপাল । চারদিকে চিৎকার, আতঙ্ক ।

স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন । গুরুতর জখম গোপালকে তড়িঘড়ি সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । কিন্তু হাসপাতালের পথেই মৃত্যু হয় তাঁর । সোমবার সকালেও ঘটনাস্থলে দেখা যায় জমাট বাঁধা রক্তের দাগ । থমথমে পলাশডিহা ।

ঘটনার পরই এলাকায় পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ । অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেফতার করে পুলিশ । তবে এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ।

স্থানীয় বাসিন্দা মাধুরী বাউরির অভিযোগ, "পলাশডিহার আদিবাসী পাড়ায় বাড়ি বাড়ি মদ বিক্রি হয় । ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ৷ সে কারণেই আজ মহিলাদের প্রাণ বাঁচাতে গিয়ে গোপালকে মরতে হল ৷ এখন ওর পরিবারের দায়িত্ব কে নেবে ?" এলাকার আদিবাসী সমাজের তরফে শৈলমন মান্ডি বলেন, "ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় । আমাদের বাহা উৎসব চলছে । সেই উপলক্ষে আমরা বৈঠকে বসেছিলাম । এই ঘটনার সঙ্গে আদিবাসী সমাজের কোনও সমর্থন নেই । বিজয় টুডুর ব্যক্তিগত আচরণের দায় সমাজ নেবে না । পুলিশ তদন্ত করে সত্য সামনে আনুক ।"

স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় অবাধে মদ বিক্রির জেরে মাঝেমধ্যেই অশান্তি হয় । প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন বলেও মত তাঁদের। এ ব্যাপারে এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, "গোপাল দাসের খুনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ।"

গোপালের পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের এক আত্মীয়ের কথায়, " ও খুব শান্ত স্বভাবের ছিল। অন্যায় দেখলে প্রতিবাদ করত । কিন্তু এরকম পরিণতি হবে ভাবিনি ।" তবে যেভাবে প্রতিবাদ করতে গিয়ে অঝোরে প্রাণ ঝরে গেল, তাতে অপরাধীর কঠোরতম শাস্তি চাইছেন এলাকার বাসিন্দারা ৷