ETV Bharat / state

ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে সরকারি স্কুলে ধুন্ধুমার ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রীদের

বিক্ষোভে অংশ নিয়েছিলেন এআইডিএসও'র সদস্যরা ৷ তাঁদের মধ্যে একাধিক জনকে আটক করেছে পুলিশ ৷

student protest in siliguri
স্কুলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 3, 2026 at 6:24 PM IST

3 Min Read
Choose ETV Bharat

শিলিগুড়ি, 3 জানুয়ারি: সরকারি স্কুলের ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন ছাত্রীরা ৷ আটক করা হয়েছে এআইডিএসও'র একাধিক সদস্যকে ৷ ঘটনাটি ঘটেছে শনিবার শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ৷

অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী বার্ষিক ভর্তির ফর্মের নির্ধারিত মূল্য 240 টাকা হলেও স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না এবং অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে । 240 টাকার পরিবর্তে 400 টাকা করে ছাত্রীদের থেকে নেওয়ার অভিযোগ উঠেছে । এই অভিযোগকে কেন্দ্র করেই শনিবার সকাল থেকে শক্তিগড় বালিকা বিদ্যাপীঠের সামনে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা । তাঁদের সঙ্গে যোগ দেন ছাত্রীরাও ।

সরকারি স্কুলের ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছাত্রীদের (ইটিভি ভারত)

বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা দফতরের নির্ধারিত ফি কাঠামো উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপর আর্থিক চাপ সৃষ্টি করছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং নিয়মবিরুদ্ধ । ঘটনাস্থলে উপস্থিত হন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)-এর সদস্যরা । স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তাঁরা । সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে বাড়তি টাকা আদায় বন্ধ করা এবং অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয় ।

student protest in siliguri
বিক্ষোভে সামিল এআইডিএসও'র সদস্যরা (নিজস্ব ছবি)

বিক্ষোভকারীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও কোনও সদুত্তর মেলেনি । তাঁদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না-হলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা । যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । প্রশাসনের নজরদারির দিকেই এখন তাকিয়ে অভিভাবক ও ছাত্রীরা ।

student protest in siliguri
এআইডিএসও'র সদস্যদের আটক (নিজস্ব ছবি)

এদিকে বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও বেগতিক হয় । পড়ুয়ারা স্কুলের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এআইডিএসওর সদস্য ও ছাত্রীরা । পরে পুলিশ বেশ কয়েকজন এআইডিএসও'র সদস্যকে আটক করে । বেশ কিছুক্ষণ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

এআইডিএসও'র দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনিন্দিতা পণ্ডিত বলেন, "240-র পরিবর্তে 400 করে স্কুল কর্তৃপক্ষ ভর্তির জন্য টাকা নিচ্ছে । স্কুলের পরিকাঠামোর কথা বলে এই টাকা বৃদ্ধি করা হয়েছে । অথচ সরকারি স্কুলে কেন পড়ুয়ারা পরিকাঠামোর জন্য টাকা দেবে । স্কুল কর্তৃপক্ষ কোনও কথাই শুনছে না । সেজন্য আমাদের এই আন্দোলন ।"

স্কুলের প্রধান শিক্ষিকা সুষমা পাল রায় বলেন, "এখনই এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না । পরে আলোচনা করে জানানো হবে ।"

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিং বলেন, "স্কুলে একটা বিক্ষোভ চলছিল । পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে আটক করা হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে ।"