ETV Bharat / state

বারুইপুর-আবহে এবার কানাইপুরে নাবালিকাকে যৌন হেনস্তা ! গ্রেফতার অভিযুক্ত গৃহশিক্ষক

নাবালিকা একা থাকার সুযোগে অশালীন আচরণ ও যৌন হেনস্তার অভিযোগ ৷ অভিযুক্তকে মারধরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে ৷

Sexual Harassment
চন্দননগর কমিশনারেটের কানাইপুরে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 6, 2026 at 9:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কানাইপুর, 6 জুলাই: বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে ৷ এবার নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে ৷ রবিবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চন্দননগর কমিশনারেটের কানাইপুরে ৷ বছর 16-র ওই ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, রবিবার বাড়ির কাছেই প্রাইভেট টিউশন পড়তে যায় ওই কিশোরী ৷ সে টিউশনের বাকি পড়ুয়াদের আসার আগেই সেখানে পৌঁছে যায় ৷ অভিযোগ, বাকি ছাত্রছাত্রীরা না-আসার সুযোগে ষাটোর্ধ্ব ওই গৃহশিক্ষক তার সঙ্গে অশালীন আচরণ করেন ৷ তাঁকে যৌন হেনস্তা করা হয় ৷ শিক্ষকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়ে সে টিউশন থেকে বেরিয়ে আসে ৷

এরপর আতঙ্কিত অবস্থায় সেখান থেকে সোজা বাড়ি যায় ওই কিশোরী ৷ সেখানে পরিবারের সদস্যদের পুরো ঘটনার কথা জানায় সে ৷ নাবালিকার বাড়ি লোকজন এবং স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে যান ৷ তাঁরা শিক্ষককে পাকড়াও করেন এবং ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা অভিযুক্তকে মারধরও করে বলে জানা গিয়েছে ৷ পরে কানাইপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গৃহশিক্ষককে আটক করে নিয়ে যায় ৷ পরে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করা হয় ৷

এ নিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেন, "নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷" এই ইস্যুতে স্থানীয় বিজেপি নেতা আচ্ছে লাল যাদব বলেন, "ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ৷ চেষ্টা করলে জানতে পারবেন অভিযুক্ত বিশেষ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ৷ তবে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা চালিয়ে যাচ্ছেন কড়া হাতে এই ধরনের অপরাধের মোকাবিলা করতে ৷ আইনি যা পদক্ষেপ আছে, তা নিশ্চিতভাবে নেওয়া হবে ৷ এই অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ প্রশাসন ৷ ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷"