ETV Bharat / state

2002 SIR তালিকায় নাম প্রদীপ করের, তাহলে কীসের আতঙ্ক ? নিরপেক্ষ তদন্তের দাবি বিজেপির

প্রদীপ করের লেখা চিঠির ফরেন্সির পরীক্ষার দাবি বিজেপির ৷ 2002-এর এসআইআর তালিকায় নাম থাকার সঙ্গে NRC আতঙ্কের সম্পর্ক নেই, দাবি তৃণমূলের ৷

NRC FEAR DEATH
নিহত প্রদীপ করকে শেষ শ্রদ্ধা বিধায়ক পার্থ ভৌমিকের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 29, 2025 at 5:23 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পানিহাটি, 29 অক্টোবর: পানিহাটিতে NRC আতঙ্কে প্রৌঢ়ের চরম পদক্ষেপের ঘটনায় এবার নয়া তথ্য উঠে এল ৷ জানা যাচ্ছে, 2002 সালের SIR বা সংশোধিত ভোটার তালিকায় নাম রয়েছে নিহত প্রদীপ করের ৷ নির্বাচন কমিশনের সাইটে থাকা সেই তালিকাকে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করেছে বিরোধী বিজেপি ৷ প্রশ্ন তোলা হয়েছে, 2002 সালে যাঁর নাম সংশোধিত তালিকায় ছিল, কীভাবে সেই ব্যক্তি NRC আতঙ্কে এমন পদক্ষেপ করতে পারেন ?

শুধু প্রশ্ন তোলাই নয়, এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের পোস্ট তুলে ধরে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী ৷ তিনি দাবি করেছেন, নিহত প্রদীপ করের লেখা নোটের কেন্দ্রীয় ফরেন্সিক সংস্থাকে দিয়ে পরীক্ষা করানো হোক ৷ সেই চিঠির হাতের লেখা যাচাই করা হোক ৷ অর্থাৎ, ঘুরিয়ে শাসকদলের বিরুদ্ধে প্রদীপ করের চরম পদক্ষেপকে এসআইআরের বিরুদ্ধে হাতিয়ার করার অভিযোগ তুলছে বিজেপি ৷

NRC Fear Death
প্রদীপ করের বাড়িতে বিধায়ক পার্থ ভৌমিক ৷ (ইটিভি ভারত)

এই বিষয়ে বিজেপির কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, "NRC নিয়ে আগেও এভাবে অপপ্রচার করে এসেছে তৃণমূলের সরকার ৷ নিজেদের দুর্বলতা ঢাকতেই এই ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ যদি কমিশনের পক্ষ থেকে বলা হয়ে থাকে, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেই হবে, সেখানে ওঁর তো নাম রয়েছে ৷ আমি যতদূর জানি, উনি কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন ৷ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ওঁর সমস্যা হচ্ছিল বলেও শুনেছি ৷"

নিহত প্রদীপের হাতের লেখা নিয়েও এদিন ধন্দ প্রকাশ করেছেন তিনি ৷ ওই বিজেপি নেতার দাবি, "প্রদীপ করের ডান হাতের চারটে আঙুল ছিল না ৷ কোনও একটি দুর্ঘটনায় তাঁর আঙুল কাটা যায়, সেটি জানিয়েছেন তাঁরই পরিবারের সদস্য ৷ সেক্ষেত্রে উদ্ধার হওয়া নোটের হাতের লেখা যাচাই করে দেখা হোক ৷"

NRC FEAR DEATH
জাতীয় নির্বাচন কমিশনের 2002 সালের সংশোধিত ভোটার তালিকায় নাম প্রদীপ করের ৷ (ছবি- জাতীয় নির্বাচন কমিশন)

হাইকোর্টের কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কিংবা সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা, এই ঘটনার তদন্ত করে সঠিক তথ্য সামনে আনুক, সেই দাবিও জানিয়েছেন বিজেপির কলকাতা উত্তর শহরতলির সভাপতি ৷

শুধু চণ্ডীচরণ নয় ৷ প্রদীপ করের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী ৷ এ নিয়ে বুধবার নিজের এক্স হ‍্যান্ডেলে তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা ৷ পুলিশ কর্তারা যে 'সুইসাইড নোটে'র কথা বলছেন তার ফরেনসিক তদন্তের দাবি জানাচ্ছি ৷ যে কোনও কেন্দ্রীয় সংস্থার অধীনস্ত হস্তাক্ষর বিশেষজ্ঞকে দিয়ে এই 'সুইসাইড নোটে'র সত‍্যতা যাচাই করা হোক ৷"

NRC Fear Death
প্রদীপ করের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি তুলে ফেসবুক পোস্ট কৌস্তভ বাগচীর ৷ (ছবি- কৌস্তভ বাগচীর ফেসবুক)

যদিও পাল্টা প্রদীপ করের মৃত্যুর জন্য NRC আতঙ্ককেই দায়ী করেছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ৷ তাঁর দাবি, "বিজেপির কেন্দ্রীয় ও রাজ‍্য নেতারা যেভাবে উত্তেজক কথাবার্তা বলছেন, তার জেরে আতঙ্ক বাড়ছে অনেক মানুষের মধ্যে ৷ আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন ৷ এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি নেতারা ৷ এর সঙ্গে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা, বা না-থাকার প্রশ্ন আসছে কেন ? এসব ভুলভাল বিষয় তুলে বিজেপি বিষয়টিকে অন্য দিকে ঘোরাতে চাইছে ৷"

মঙ্গলবার পানিহাটির আগরপাড়ার মহাজাতি নগরের বছর সাতান্নর প্রৌঢ় প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের ঘর থেকে ৷ যা নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি ৷ পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে একটি নোট উদ্ধার হয়েছে ৷ সেখানে লেখা ছিল, "আমার মৃত্যুর জন্য NRC দায়ী ৷" এই খবর সামনে আসতেই সোশাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্র ও কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠকে কেন্দ্র ও কমিশনকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷