ETV Bharat / state

পোর্টালের সমস্যায় শুরুতেই ধাক্কা, তবু ‘কাজ চলছে’, বললেন সিইও মনোজ, বিচারকদের কাঁধে SIR যাচাইয়ের ভার

সূত্রের খবর, আপাতত 190 জন কর্মরত এবং 50 জন সদ্য প্রাক্তন বিচারককে এসআইআর-সংক্রান্ত কাজে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ।

eci
নির্বাচন কমিশন (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 9:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 23 ফেব্রুয়ারি: এসআইআর ঘিরে জটিলতার আবহে সামনে এল প্রযুক্তিগত সমস্যার প্রশ্ন । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার বললেন, "অনেক জায়গায় পোর্টাল চালু হয়ে গেছে । প্রথম দিন কিছু সমস্যা হয়েছিল, বিশেষ করে লগ-ইন আইডি নিয়ে। পরে সেগুলো ঠিক করা হয়েছে। বিচারকদের কাজের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা পোর্টালেই দেওয়া আছে ।" তবে ঠিক কোন কোন জেলায় যাচাই ও নিষ্পত্তির কাজ পুরোপুরি শুরু হয়েছে, তা খতিয়ে দেখে জানাতে পারবেন বলেও জানান তিনি ।

সূত্রের খবর, আপাতত 190 জন কর্মরত এবং 50 জন সদ্য প্রাক্তন বিচারককে এসআইআর-সংক্রান্ত কাজে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে । যদিও 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সমস্ত অভিযোগ যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ করা যাবে কি না, তা নিয়ে প্রশাসনিক স্তরে সংশয় রয়েছে।

নির্বাচন কমিশনের আধিকারিক সুব্রত গুপ্ত সন্ধ্যায় জানান, লগ-ইন আইডি না থাকায় শুরুতে কাজে বিঘ্ন ঘটছিল । ইতিমধ্যেই প্রায় 200টি লগ-ইন আইডি ইস্যু করা হয়েছে এবং সোমবার থেকেই বিচারকেরা কাজ শুরু করেছেন ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। আইজি সিআরপিএফ সঞ্জয় যাদব জানান, এ দিন ছিল প্রাথমিক বৈঠক—কত বাহিনী থাকবে, কোথায় মোতায়েন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি । একই সুর শোনা যায় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডের কথাতেও। তাঁর বক্তব্য, আলোচনা হয়েছে ঠিকই, তবে এখনই কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো সম্ভব নয় ।

বাংলার ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতির নথি যাচাই ও নিষ্পত্তি নিয়ে মামলা গড়িয়েছিল শীর্ষ আদালতে ৷ 28 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারিত করা হয়েছে ৷ ওই মামলাতেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই কাজ করবেন বিচারকেরা! কারা এই কাজ করবেন, তা নির্ধারণের ভার দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের উপর ।

শীর্ষ আদালতের সেই নির্দেশ মতো সোমবার বেলা দেড়টা থেকে জেলা বিচারকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি । উপস্থিত ছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার জেনারেল, বিভিন্ন জেলার জেলা বিচারক, জেলাশাসক এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা । নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও অংশ নেন বৈঠকে । রাত সাড়ে ন'টা পর্যন্ত খবর, বৈঠক এখনও চলছে ৷

এসআইআর ঘিরে প্রযুক্তিগত ধাক্কা কাটিয়ে প্রশাসনিক তৎপরতা বাড়লেও নির্ধারিত সময়সীমার আগে পুরো প্রক্রিয়া শেষ হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন ।

আরও পড়ুন: