ETV Bharat / state

মহিলাদের অসম্মান ও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বিধাননগর দক্ষিণ থানায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী ৷ তাঁর দাবি, আগে এই অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ ৷

ETV BHARAT
ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 10, 2026 at 2:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বিধাননগর, 10 জুন: রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় দায়ের হল লিখিত অভিযোগ । মহিলাদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য এবং ধর্মীয় উস্কানি ছড়ানোর অভিযোগে বুধবার বিধাননগর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি কর্মী সঞ্জয় পয়রা । তাঁর দাবি, অতীতে এই একই অভিযোগ জানাতে গেলেও খালি হাতে ফিরতে হয়েছিল তাঁকে ৷ তবে রাজ্যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি । যদিও অভিযোগ উড়িয়ে ফিরহাদ বলেছেন, তিনি 100 শতাংশ ধর্মনিরপেক্ষ মানুষ ৷ কোনও দিন বিদ্বেষ ছড়াননি ৷

অভিযোগকারী সঞ্জয় পয়রার দাবি, 2024 সালের 7 নভেম্বর সন্দেশখালিতে তৃণমূলের একটি সভা থেকে ফিরহাদ হাকিম মহিলাদের উদ্দেশে অত্যন্ত কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেছিলেন ৷ শুধু তাই নয়, সেদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তীব্র কটূক্তি করেছিলেন তিনি । বিজেপি কর্মীর দাবি, সেই বক্তব্যের ভিডিয়ো ফুটেজ তাঁর কাছে রয়েছে ।

ETV BHARAT
বিধাননগর দক্ষিণ থানায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ (নিজস্ব চিত্র)

এর পাশাপাশি, 2024 সালের 3 জুলাই একটি সরকারি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ধর্মীয় উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিভাজনমূলক মন্তব্য করেছিলেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেছেন সঞ্জয় পয়রা । অভিযোগকারীর দাবি, 2024 সালে যখন এই ঘটনাগুলো ঘটেছিল, তখন তিনি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানাতে এসেছিলেন । কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের আমলে পুলিশ তাঁর এই অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে ।

তবে বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে ৷ উলটে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতি ৷ এই অবস্থায় ফের বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি কর্মী ৷ তাঁর কথায়, "আগে পুলিশ আমাদের অভিযোগ নিত না, কিন্তু এখন পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে । আজ দীর্ঘ প্রতীক্ষার পর থানায় অভিযোগ জমা দিতে পারলাম । রাজ্যে এখন 'ভয় আউট, ভরসা ইন'। আমি আশাবাদী যে, পুলিশ এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে এবং যথাযথ শাস্তি দেওয়া হবে ৷"

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ফিরহাদ ৷ তিনি এদিন বলেন, "এবিষয়ে আমি জানি না ৷ আমি কোনও দিন বিদ্বেষমূলক কথা বলিনি । আমি 100 শতাংশ সেক্যুলার মানুষ । সেটা বিধানসভাতেও বলেছি । আমি কোনও দিন কোনও বিদ্বেষ ছড়াই না, বলিও না, বিশ্বাসও করি না । আমি সেকুলারিজমের জন্য মৃত্যুবরণও করতে পারি ।"

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলেও, দিনকয়েক আগেই দীর্ঘ টালবাহানা কাটিয়ে কলকাতা পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম ৷ এর পরে তিনি আবার তৃণমূল বিধায়কদের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি ৷ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ফিরহাদ হাকিমের এই সাক্ষাৎ রাজ্য রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলেছে ।