মানবিক পুলিশ ! 10 কিমি দূর থেকে অ্যাডমিট আনলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর
ভালোভাবেই পরীক্ষা দিলেন পড়ুয়া ৷ আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসির কাজের প্রশংসায় পঞ্চমুখ অভিভাবকরা ৷

Published : February 12, 2026 at 8:16 PM IST
আসানসোল, 12 ফেব্রুয়ারি: প্রথম দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা । পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় হঠাৎ এক ছাত্র দেখেন অ্যাডমিট আনতে ভুলে গিয়েছেন । মাথায় তখন যেন বজ্রাঘাত । কারণ বাড়ি অনেক দূরে । আর এই ঘটনা জেনেই ত্রাতার ভূমিকায় দাঁড়ালেন আসানসোল উত্তরের ট্রাফিক গার্ডের ওসি ।
একেবারে ছাত্রকে পুলিশের গাড়িতে চাপিয়ে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে এলেন তিনি । শেষ পর্যন্ত ওই ছাত্র সঠিক সময়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পেরেছেন । পুলিশের এই মানবিক ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উপস্থিত অভিভাবকরা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলের ধাদকা এনসি লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সায়ন চট্টোপাধ্যায় । তিনি আসানসোলের পাঁচগাছিয়া এমবি বিবেকানন্দ বিদ্যালয়ের পড়ুয়া ৷ তাঁর বাড়ি সালানপুরের এথোড়া গ্রামে । পরীক্ষা কেন্দ্র থেকে তাঁর বাড়ি প্রায় 10 কিলোমিটার দূরে । কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ওই পরীক্ষার্থী হঠাৎ বুঝতে পারেন তিনি অ্যাডমিট আনতে ভুলে গিয়েছেন ।

এদিন ওই পরীক্ষা কেন্দ্রে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ছাত্রছাত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছিল । অ্যাডমিট ভুলে আসা ছাত্র উপস্থিত বুদ্ধির জোরে আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় ভগতের দ্বারস্থ হন । তিনি বিষয়টি জেনেই তৎক্ষনাৎ পুলিশের গাড়িতে ওই ছাত্রকে নিয়েই তাঁর বাড়িতে যান । পরীক্ষা কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ওই ছাত্রের বাড়ি ছিল । ট্রাফিক ওসি ওই ছাত্রের বাড়ি গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন । দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন হওয়ায় ওই পরীক্ষার্থী সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারেন । ভালো ভাবেই প্রথম দিনের পরীক্ষা দিতে পেরেছেন ওই ছাত্র ।

ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সায়ন চট্টোপাধ্যায় বলেন, "যখন দেখি অ্যাডমিট ভুলে এসেছি, মাথা কাজ করছিল না । তখন ওই ট্রাফিক আধিকারিককে জানাই । উনিই আমাকে নিয়ে গিয়ে অ্যাডমিট নিয়ে আসেন । আমি ভালোভাবেই পরীক্ষা দিতে পেরেছি ।"
আসানসোল উত্তর ট্রাফিক গার্ডের ওসি সঞ্জয় ভগত বলেন, "আমাদের পুলিশ কমিশনারেটের নির্দেশ ছিল কোনও পরীক্ষার্থী অসুবিধায় পড়লে তার পাশে থাকতে । আমরা সেই মতো ওই ছাত্র অসুবিধায় পড়েছে জেনেই সাধ্যমতো তার পাশে থাকার চেষ্টা করেছি । অনেক দূরে থাকেন ওই ছাত্র । তাও সঠিক সময়ে উনি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পেরেছেন, এটাই ভালো লাগছে ।"

