ETV Bharat / state

পুলিশ কর্মীকে মারধর, গ্রেফতার হুমায়ুন পুত্র

অভিযোগ, হুমায়ুনের নিরাপত্তারক্ষীকে মারধর করেছেন পুত্র আজাদ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ভরতপুরের বিধায়ক। তাঁর পাল্টা দাবি, মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাও করা হবে ৷

HUMAYUN KABIR SON ARREST
হুমায়ুন কবীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 28, 2025 at 3:39 PM IST

|

Updated : December 28, 2025 at 3:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

শক্তিপুর, 28 ডিসেম্বর: পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীরের ছেলে ৷ জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র চেয়ারম্যান হুমায়ুন-পুত্রের নাম গোলাম নবি আজাদ। রবিবার দুপুরে শক্তিপুর থানার পুলিশ গোলাম নবি আজাদকে গ্রেফতার করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। ছেলেকে গ্রেফতার করার প্রতিবাদে থানা ঘেরাও করে 'জেলা পুলিশকে উচিত শিক্ষা' দেওয়ার হুঙ্কার হুমায়ুনের। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর মাত্র কয়েকদিন আগে নিজের দল জনতা উন্নয়ন পার্টি গঠনের ঘোষণা করেন তিনি ৷

পাশাপাশি, ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভরতপুরের বিধায়ক। গ্রেফতারির সময় হুমায়ুন বাড়িতে ছিলেন না, ছিলেন বহরমপুরে। কেন ভরতপুরের বিধায়কের বাড়িতে পুলিশ গেল? তাঁর পাল্টা দাবি, যদি পুলিশ বাড়িতে গিয়ে অশালীন আচরণ করে তবে বহরমপুর স্তব্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাও করার কথা বলেছেন ক্ষুব্ধ হুমায়ুন।

গ্রেফতার হুমায়ুন কবীরের ছেলে (ইটিভি ভারত)

এদিন দুপুরে মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হানা দেয়। তাঁর ছেলের বিরুদ্ধে পুলিশকে মারধর করার অভিযোগ দায়ের হয়েছে। এসডিপিও-সহ শক্তিপুর থানার পুলিশ অভিযান শুরু করেছে। জানা গিয়েছে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন রাজ্য পুলিশের সিকিউরিটি পান। রবিবার সকালে প্রকাশ্যে সেই সিকিউরিটির দায়িত্বে থাকা জুম্মা খান নামে এক পিএসও (Personal Security Officer) মারধর করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়কের পুত্র গোলাম আজাদ। এখান থেকেই গোলমালের সূত্রপাত ৷

পুলিশ এদিন জুম্মাকে গ্রেফতার করতে হুমায়ুনের বাড়িতে পৌঁছয় ৷ তারপর পুরো বাড়ি ঘিরে ফেলে। ভিতর থেকে দরজা বন্ধ করে লুকিয়ে ছিলেন হুমায়ুনপুত্র। পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর ছেলে বেলডাঙা 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ পদে আছেন। এদিকে বহরমপুর থেকে হুমায়ুন বলেন, "পুলিশের ওই সিকিউরিট ঘরের ভিতর ঢুকে আমাকে মারতে গিয়েছিল ৷ ছেলে তা দেখে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ৷ এর জন্য যদি কোনও ধরনের পদক্ষেপ করে তাহলে আমি আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদের পুলিশকে ঘোরাও করব ৷ ওদের থেকে জবাব চাইব, কেন বিনা নোটিশে আমার বাড়িতে চড়াও হয়েছিল ৷ কোনও অশালীন আচরণ করলে এসপি অফিস ঘেরাও করা হবে।"

এদিন হুমায়ুন জানিয়েছেন, বাড়ির অফিসের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, "এর আগেও আমি ওই সিকিউরিটির বিরুদ্ধে অভিযোগ করেছি ৷ আমার ছেলে কী করেছে তা সিসিটিভিতে ধরা পড়েছে ৷ সেখান থেকেই সব প্রমাণ হয়ে যাবে ৷ যেদিন এসপিকে ঘেরাও করব সেদিন পুলিশ বুঝে যাবে, মুর্শিদাবাদের কার সঙ্গে খেলতে এসেছে ৷ বহরমপুর স্তব্ধ করে দেব। পারলে আমায় আটকে দেখাক ৷"

Last Updated : December 28, 2025 at 3:57 PM IST