উপ-সংশোধনাগার থেকে পালাল পকসো-বন্দি ! জেল সুপারের রিপোর্ট তলব
শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জেল কর্তৃপক্ষ ৷ তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হল সংশোধনারের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ ৷

Published : December 7, 2025 at 8:18 PM IST
শ্রীরামপুর, 7 ডিসেম্বর: অসংখ্য সিসিটিভি ক্যামেরা ও কারারক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে সংশোধনাগার থেকে পালাল পকসো মামলার বিচারাধীন বন্দি ! ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর উপ-সংশোধনাগারে ৷ রবিবার সকালে বন্দিদের সেলে চেকিংয়ের সময় বিষয়টি নজরে আসে কারারক্ষীদের ৷ জেল সুপারের কাছে রিপোর্ট তলব করেছে প্রশাসন ৷
নিখোঁজ হওয়া বন্দি শনিবার রাতেও সেলে গণনার সময় হাজির ছিল বলে উল্লেখ করা হয়েছে কারারক্ষীদের দৈনিক রিপোর্টে ৷ সে একটি পকসো মামলার বিচারাধীন বন্দি ৷ কিন্তু, এদিন সকালে ফের বন্দি গণনার সময় দেখা যায় তার সেল ফাঁকা ৷ খোঁজাখুঁজি করেও কোনও হদিশ মেলেনি তার ৷ তড়িঘড়ি বিষয়টি জানানো হয় শ্রীরামপুর উপ-সংশোধনাগারের কারাধ্যক্ষকে ৷ তিনিই বিষয়টি শ্রীরামপুর কমিশনারেট ও জেলা প্রশাসনকে জানান ৷
শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার বলেন, "এই উপ-সংশোধনাগারে যিনি কারাধ্যক্ষ আছেন, তাঁর কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ৷ শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে তাঁকে ৷ সকালে কর্তৃপক্ষ জানতে পারে অভিযুক্ত সংশোধনাগার থেকে পালিয়ে গিয়েছে ৷ তার খোঁজে পুলিশ তল্লাশি চলছে ৷"
চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন, "সংশোধনাগার কর্তৃপক্ষ শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ৷ তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে ৷ রিষড়া থানায় দায়ের হওয়া একটি পকসো মামলার ট্রায়াল চলছিল শ্রীরামপুর আদালতে ৷ ওই মামলার অভিযুক্ত শ্রীরামপুর উপ-সংশোধনাগারে বন্দি ছিল ৷ প্রয়োজনে লুক আউট নোটিশ জারি করা হবে ৷" উল্লেখ্য, এই পলাতক বন্দির বিরুদ্ধে রিষড়া এবং মগরা থানাতেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে অতীতে ৷
এই ঘটনার পর স্বভাবতই উপ-সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কীভাবে একজন বিচারাধীন বন্দি কঠোর নিরাপত্তা বলয় টপকে পালিয়ে গেল ? কীভাবে গোটা ঘটনাটি কারও নজরে এল না ? তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল ৷ এ নিয়ে শ্রীরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ উপ-সংশোধনাগারে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ সেল থেকে বেরিয়ে ওই ব্যক্তি কোথায় কোথায় যেতে পারে তা জানতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ৷

