ETV Bharat / state

সাজছে স্টেশন, মোদির হাতে বাংলার এখানেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন

সেদিন নতুন ট্রেনে সফরও করবেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সফরসঙ্গী হবে জেলার বেশ কিছু খুদে পড়ুয়া ৷

Malda Town station
মোদির হাতে এই স্টেশন থেকেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 10, 2026 at 5:06 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 10 জানুয়ারি: আগামী 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিন তিনি মালদা টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন (হাওড়া থেকে গুয়াহাটি) উদ্বোধন করবেন ৷ তাঁর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠতে শুরু করেছে মালদা টাউন স্টেশন ৷

শুধু নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনই নয়, সেদিন প্রধানমন্ত্রী মালদা টাউন থেকে নিউ ফরাক্কা জংশন পর্যন্ত নতুন ট্রেনে সফরও করবেন ৷ তাঁর সফরসঙ্গী হবে জেলার বেশ কিছু খুদে পড়ুয়া ৷ ইতিমধ্যে সেই পড়ুয়াদের বাছাইয়ের কাজও শুরু হয়ে গিয়েছে ৷ যদিও প্রধানমন্ত্রীর মালদা সফরের পূর্ণাঙ্গ সূচি এখনও তাঁদের কাছে এসে পৌঁছোয়নি বলে জানিয়েছেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার ৷ একই কথা জানিয়েছে জেলা পুলিশও ৷

Malda Town station
17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী (নিজস্ব ছবি)

পূর্ব রেলের মালদা ডিভিশনাল ম্যানেজার মণীশ কুমার গুপ্তা বলেন, "আগামী 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেদিনই দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে ৷ তবে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি এখনও আমাদের কাছে আসেনি ৷ আশা করছি, দু-একদিনের মধ্যেই সেই সূচি আমাদের কাছে চলে আসবে ৷ তাই সেদিন তিনি নতুন ট্রেন উদ্বোধন করে সেই ট্রেনে সফর করবেন কি না, সফর করলেও তাঁর সঙ্গে কোনও পড়ুয়া যাবে কি না, সেসব এখনই বলতে পারছি না ৷ তবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা সবরকম প্রস্তুতি নিচ্ছি ৷ জোরকদমে সেই কাজ চলছে ৷"

Malda Town station
মালদা টাউন স্টেশন থেকে ট্রেনের উদ্বোধন করবেন তিনি (নিজস্ব ছবি)

রেল সূত্রে জানা গিয়েছে, সেদিন হেলিকপ্টারে মালদায় আসবেন প্রধানমন্ত্রী ৷ নামবেন রেলেরই লক্ষ্মণ সেন স্টেডিয়ামে ৷ ওই স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ৷ সেখান থেকে সড়ক পথে যাবেন মালদা টাউন স্টেশনে ৷ স্টেশনের রাস্তাগুলিও সংস্কারের কাজ চলছে ৷ সংস্কারের কাজ চলছে স্টেশনের ভিতরেও ৷ তবে তাঁর মালদা সফরের আগে স্টেশনে নতুন রং করা হবে কি না তা এখনও সঠিকভাবে জানা যায়নি ৷ মালদা টাউন স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় রয়েছে ৷ সেই কাজও অনেকটা এগিয়ে গিয়েছে ৷ বাকি কাজ যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ দফায় দফায় সেই কাজ পরিদর্শন করছেন রেলের আধিকারিকরা ৷

Malda Town station
জোরকদমে কাজ চলছে স্টেশনে (নিজস্ব ছবি)

রেলের তরফে কিছু না জানানো হলেও নতুন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী খুদে পড়ুয়াদের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে ৷ এর জন্য রেলের তরফে মালদা শহরের 18টি স্কুলকে বেছে নেওয়া হয়েছিল ৷ বিকশিত ভারত, বিকশিত বাংলা, নেক্সট জেন ট্রেন এবং আত্মনির্ভর ভারত, এই চারটি বিষয়ে ছবি আঁকা, সংক্ষিপ্ত বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয় স্কুলগুলিতে ৷ ইতিমধ্যে অঙ্কন প্রতিযোগিতা শেষ হয়েছে ৷ রেলকর্তারা প্রতিটি স্কুল থেকে প্রতিযোগীদের আঁকা ছবি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ৷ একইভাবে প্রবন্ধ প্রতিযোগিতায় সফলদের লেখাগুলিও নিয়ে যাওয়া হয়েছে ৷ সংক্ষিপ্ত বক্তৃতার ভিডিয়ো ক্লিপ খতিয়ে দেখে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পড়ুয়াদের চূড়ান্ত করা হবে ৷

Malda Town station
মোদির আগমনের জন্য সেজে উঠছে মালদা টাউন স্টেশন (নিজস্ব ছবি)

শহরের অক্রুরমণি করোনেশন স্কুলের প্রধান শিক্ষক অজয়কৃষ্ণ রায় বলেন, "আমরা স্কুলে তিনটি প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পড়ুয়াদের আঁকা ছবি ও প্রবন্ধ রেল কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি ৷ পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তৃতার ভিডিয়ো ক্লিপ রেল আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে ৷"