শীতের আমেজে শুরু ভোজনরসিক বাঙালির প্রিয় পিঠে পুলি উৎসব
ফাস্টফুডের রমরমা। হারিয়ে যাওয়ার উপক্রম বাঙালির সাধের পিঠে-পুলি, এমনকী গ্রামবাংলাতেও। কিন্তু শীত পড়তেই বারুইপুরের ছবিটা অন্যরকম ৷ সেখানে শুরু হয়েছে পিঠে পুলি উৎসব ৷

Published : December 12, 2025 at 1:44 PM IST
বারুইপুর, 12 ডিসেম্বর: পড়েছে জমিয়ে শীত ৷ আর শীত মানে বাঙালির কাছে পিঠেপুলি উৎসব। কথায় বলে, 'পেটে খেলে পিঠে সয়' ৷ পৌষ সংক্রান্তিতে নতুন চাল ঘরে উঠলে সেই চাল কুটে নতুনত্ব পিঠে পুলি বানিয়ে তা পরিবেশন করা হয়। তবে এখন শুধুমাত্র পৌষ সংক্রান্তিতেই আটকে নেই পিঠে পুলি খাওয়ার রীতি। বর্তমানে পিঠে পুলি খাওয়ার ধুম লেগে যায় শীত পড়ার মুহূর্ত থেকেই ৷ এর সঙ্গে রয়েছে খেজুর গুড়। বলতে না-বলতেই জিভ দিয়ে জল গড়িয়ে যাওয়ার জোগাড়। বাঙালির পেটে কি শুধু পিঠে সয় ? যদি মতামত নেওয়া যায় তবে আপনি কোন পক্ষে ?
এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ বলছেন, শীতকালে পিঠের গুরুত্ব সবচেয়ে বেশি। আবার কেউ বলেছেন, শীতকালে পিঠেই সব নয়। বাইরের খাবারেরও গুরুত্ব আছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পদ্মপুকুরে, বারুইপুরবাসীদের শীতের আমেজকে আরও অন্য মাত্রা যোগ করার জন্য শুরু হল পিঠে পুলি উৎসব। মন মুখরিত রকমারি পিঠের পুলির পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।
ভোজনরসিক বাঙালি শীতের মরশুমে মন জয় করে নিচ্ছে লোভনীয় পিঠে পুলি। চেটে-পুটে নানা স্বাদের পিঠে খেল কচিকাঁচারা। পিঠে খাওয়া থেকে বাদ যাননি প্রবীণরাও। কালের নিয়মে নানা কারণে সে স্বাদ থেকে বঞ্চিত অধিকাংশ বাঙালি। আর মিললেও আগেকার দিনের পিঠে পুলির স্বাদ যেন 'সোনার পাথর-বাটি'। সে স্বাদ জানেই না বর্তমান প্রজন্মের কচি-কাঁচারা। সেই অপূর্ণতা মেটাতেই এ ধরনের পিঠে পুলি উৎসবের আয়োজন। এই পিঠে পুলি উৎসবের শুভসূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলেন, "আগেও বারুইপুরবাসীরা ইলিশ উৎসব আয়োজন করেছিল। এবার শীতের মরশুমে পিঠে পুলি উৎসব, বেশ লোভনীয় সব নানান পদের পিঠে সাজানো রয়েছে আমিও "লোভ সামলাতে পারলাম না বেশ কয়েকটা খেলাম সুস্বাদু ৷"

এ বিষয়ে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস জানান, বারুইপুরের মানুষ ভজনরসিক মানুষ। বেশ কয়েক বছর ধরে পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের হাত ধরে ইলিশ উৎসব পালন করা হচ্ছে। এ বছর পদ্মপুকুর ইয়ুথ ক্লাবের উদ্যোগে এই প্রথম পিঠে পুলি উৎসব। বিভিন্ন রকমারি এবং সুস্বাদু পদের পিঠে পুলির দোকান এখানে রয়েছে 20 থেকে 22 রকম নানা পদের সুস্বাদু পিঠে আছে । ভোজনপ্রিয় বাঙালিদের শীতের মরশুমে সুস্বাদু পিঠের স্বাদ গ্রহণ করার জন্য উপচে পড়েছে ভিড় । এছাড়াও এখানে এলে বাড়তি পাওনা, জয়নগরের প্রসিদ্ধ মোয়া এবং নলেন গুড়। এই পিঠে পুলি উৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত । ইতিমধ্যেই পিঠে পুলি উৎসবের ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষরা ৷

