ভোটের আগে নারী নিরাপত্তায় নতুন দিশা, কলকাতায় চালু 'পিঙ্ক বুথ' ও 'পিঙ্ক মোবাইল'
নারীদের সাহায্যে এগিয়ে আসবেন মহিলা পুলিশকর্মীরা ৷ এই নিয়ে কতটা আশাবাদী নারীরা? শুনে দেখল ইটিভি ভারত ৷

Published : February 28, 2026 at 7:46 PM IST
অয়ন নিয়োগী
কলকাতা, 28 ফেব্রুয়ারি: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন ৷ তার আগে দেশের সুরক্ষিত শহরগুলির তালিকায় শীর্ষস্থানে থাকা কলকাতাতে নারী নিরাপত্তায় জোর ৷ নারীদের পাশে থাকবে মহিলা পুলিশকর্মীরা ৷ নিরাপত্তা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে শনিবার থেকে শহরে চালু হল 'পিঙ্ক বুথ' ও 'পিঙ্ক মোবাইল' পরিষেবা । উদ্যোগটি নিয়েছে কলকাতা পুলিশ ও রাজ্য সরকার ।
মুখ্যমন্ত্রীর বার্তা
'পিঙ্ক বুথ' ও 'পিঙ্ক মোবাইল' নিয়ে সোশাল মিডিয়া এক্স-এ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াতেই এই বিশেষ পদক্ষেপ । তিনি লেখেন, "কলকাতা পুলিশ শনিবার থেকে আরও দু’টি উদ্যোগ চালু করছে । প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা-চালিত পিঙ্ক বুথ চালু করা হবে এবং সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে এগুলি । শহরের আমার বোনেরা এই বুথগুলিতে যেকোনও সহায়তার জন্য সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ।"
তিনি আরও বলেন, "দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকে বেশ কয়েকটি 'শাইনিং' (যেমন আমি তাদের নাম দিয়েছি) সম্পূর্ণ মহিলা-চালিত মোবাইল টহল দল রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত ডিউটিতে থাকবে ৷ ইএম বাইপাস এবং রাতের বেলায় আমার কর্মরত বোনদের ব্যবহৃত অন্যান্য প্রধান শহরের রাস্তাগুলিতে টহল দেবে । কলকাতা বছরের পর বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে রয়ে গিয়েছে এবং আমি নিশ্চিত যে এই দু’টি অনন্য নতুন উদ্যোগ একই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে ।"

'পিঙ্ক বুথ'-এর খুঁটিনাটি
প্রায় তিন মাস আগেই ইটিভি ভারতে প্রকাশিত হয়েছিল যে শহরে মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুলিশ এবং শহরে বিশেষ 'পিঙ্ক বুথ' তৈরি করা হবে ৷ লালবাজার সূত্রে খবর, 'পিঙ্ক বুথ' হল মূলত মহিলাদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র । সারারাত খোলা থাকবে এই বুথগুলি । মহিলা পুলিশকর্মীরা থাকবেন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত ৷ প্রতিটি বুথে থাকবেন অন্তত একজন পুলিশ আধিকারিক এবং তিন থেকে পাঁচজন মহিলা পুলিশকর্মী । গভীর রাতে কোনও মহিলা বিপদে পড়লে তিনি নিকটবর্তী 'পিঙ্ক বুথে' আশ্রয় নিতে পারবেন । সেখান থেকে প্রয়োজন হলে তাঁকে সংশ্লিষ্ট থানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে ।
Proud to share that, for further increasing the safety and confidence of women in our city, Kolkata Police is launching two more initiatives from today.
— Mamata Banerjee (@MamataOfficial) February 28, 2026
First, several all-women Pink Booths at key city intersections will be commissioned and be operational from evening to…
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের 10টি ডিভিশনে মোট 20টি 'পিঙ্ক বুথ' গড়ে তোলা হবে । প্রথম পর্যায়ে উত্তর কলকাতায় পরিষেবা শুরু হলেও পর্যায়ক্রমে গড়িয়াহাট, রাসবিহারী, পার্ক সার্কাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে বুথ চালু হবে । শনিবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পরিষেবার উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ।

'পিঙ্ক মোবাইল' চালু
একইসঙ্গে রাস্তায় নামছে 'পিঙ্ক মোবাইল' টহলদার গাড়ি । এই গাড়িগুলিতেও থাকবেন মহিলা পুলিশকর্মীরা । কোথাও কোনও মহিলা বিপদের খবর মিললেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই বিশেষ টিম । এমনকি রাতে বাড়ি ফেরার জন্য যানবাহন না পেলে সহায়তার হাত বাড়িয়ে দেবেন কর্তব্যরত পুলিশকর্মীরা । নারী সুরক্ষায় এই উদ্যোগ যে শহরের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে, সেই বিষয়ে আশাবাদী প্রশাসন ।
নগরপালের বক্তব্য
কলকাতা পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার বলেন, "মহিলাদের নিরাপত্তার বিষয়টি ভালোভাবে আঁটোসাঁটো করাই প্রধান কাজ কলকাতা পুলিশের । তাই জন্য শহরে বিভিন্ন রাস্তায় এই 'পিঙ্ক বুথ' তৈরি করা হয়েছে । আপাতত পার্ক স্ট্রিট, শ্যামবাজার, গড়িয়াহাট, বেহালা, চৌরাস্তা, কাঁকুড়গাছি-সহ শহরের পাঁচটি জায়গায় এই 'পিঙ্ক বুথ' এবং 'পিঙ্ক পেট্রোল ভ্যান'-এর বন্দোবস্ত করা হয়েছে ৷ পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বাড়বে ।"

শহরবাসী কী বলছেন ?
শহরবাসী সুতপা কোটাল বলেন, "আমরা যারা রোজ বাইরে বের হই, তারা অনেক সময়ই একাধিক অসুবিধার সম্মুখীন হতে হয় । কিছু কিছু মানুষ আমাদের দিকে এমন ভাবে তাকায় যেটা নেওয়া যায় না । কলকাতা পুলিশের এই উদ্যোগ খুব ভালো । আমরা খুব উপকৃত হব ৷ আমাদের জন্য সুরক্ষা বাড়বে শহরে ৷ মহিলা পুলিশ যদি আমাদের পাশে এসে দাঁড়ায় আমাদের অনেক সুবিধা হবে ৷"

আরেক শহরবাসী সোনালি ভট্টাচার্যের কথায়, "খুব ভালো কাজ হয়েছে । এটা আমরা যারা রোজ বাইরে বের হই তাদের পক্ষে অনেকটা সুরক্ষিত হবে । কারণ, এখন ইভটিজিং রাতের অন্ধকারে সীমাবদ্ধ নেই ৷ দিনেরবেলাও আমাদের সেগুলোর সম্মুখীন হতে হয় ৷ যেহেতু তার কোনও তাৎক্ষণিক প্রমাণ থাকে না ৷ তাই আমরা সমস্যার সম্মুখীন হই ৷ কিন্তু 'পিঙ্ক বুথ' থাকলে খুব সুবিধা হবে ৷ নারী সুরক্ষার অগ্রগতিতে এটা পদক্ষেপ বটেই ৷ "

অন্য শহরবাসী রূপালি ভট্টাচার্য বলেন, "এটা যদি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো । মাঝে মধ্যেই আমাদের অনেক সমস্যার মোকাবিলা করতে হয় । কিন্তু এখানে একটা বিষয় আছে, আদৌ এটা কাজ করতে তো ? নাকি কেবল 'পিঙ্ক বুথ' নামেই থাকবে ৷ যদি এখানে একদিন কাজ হয়ে যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিছু বলার নেই । আমরা সাহায্য চাইতে গেলে সত্যি পাব তো ? আমাদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা হবে তো ? কারণ যেসব মহিলারা গ্রাম থেকে শহরে আসে, তারা খুব অসহায় । তাই মহিলা পুলিশকর্মীদের খেয়াল রাখতে হবে, তাঁরা যেন সবরকম সাহায্যে এগিয়ে আসেন ৷"
কলকাতায় নারী নির্যাতনের ঘটনাসমূহ
এখানে উল্লেখ করা প্রয়োজন, 9 অগস্ট 2024 সালে আরজি কর হাসপাতালে সেমিনার হলে সেখানকার এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় । পরে জানা যায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে । সেই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে ।

এরপর গত 25 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে 8টা নাগাদ কসবা এলাকায় এক আইন কলেজের ছাত্রীর সঙ্গে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরে । অভিযোগ, কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্জন স্থানে অত্যাচার চালায় । রাত প্রায় 11টা নাগাদ তাঁকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা ।
30 নভেম্বর 2025 সালে প্রগতি ময়দান থানা এলাকায় কাজ থেকে ফেরার সময় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে ৷ গত 16 ফেব্রুয়ারি 2026 কসবায় এক তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানি ও অপহরণের অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে ৷

আর শহরে একের পর এক মহিলাদের উপর নির্যাতনের ঘটনার পরই নারী নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ ৷ এখন দেখার 'পিঙ্ক বুথ' ও 'পিঙ্ক মোবাইল'-এর মতো উদ্যোগ আদতে নারীদের কতটা কাজে আসে বা শহরে নির্যাতনের সংখ্যা কমাতে পারে কি না !

