ETV Bharat / state

পুণ্যস্নানে আগে সাগর, পরে কুম্ভ ! দাবি যোগীরাজ্যের 78-এর রামনাথের

রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ুর মতো রাজ্যের পুণ্যার্থীরা এসেছেন গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে হওয়া কলকাতার শিবিরে । যেন একটুকরো 'ভারত' ।

Gangasagar mela
প্রয়াগরাজের বাসিন্দা 78 বছরের রামনাথ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 10, 2026 at 7:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 জানুয়ারি: ধর্মের দৃষ্টিতে কুম্ভ স্নান না গঙ্গাসাগর স্নান, পুণ্য লাভে কোনটার মাহাত্ম্য বেশি, তা নিয়ে বিস্তর মতামত আছে । তবে 78 বছরের রামনাথের কাছে পুণ্য লাভের মাহাত্ম্যে এগিয়ে গঙ্গাসাগরই ।

তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা । এরাজ্যে এসেছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে । জীবনে এই প্রথম গঙ্গাসাগর যাত্রা করবেন তিনি । সামনের 14 তারিখ মকরসংক্রান্তিতে পুণ্যস্নান করে ফিরবেন বাড়ি । শুধু তিনি নন, তাঁর সঙ্গে এসেছেন এক ঝাঁক পুণ্যার্থী । অধিকাংশই প্রথমবার আসছেন ।

Gangasagar mela
বাবুঘাট লাগোয়া ট্রানজিট ক্যাম্পে (নিজস্ব ছবি)

ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা ও স্নানকে কেন্দ্রে করে পুণ্যার্থীদের ভিড় হতে শুরু হয়েছে কলকাতার বাবুঘাট লাগোয়া ট্রানজিট ক্যাম্পে । রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সব রাজ্যের পুণ্যার্থীদের এখন ঠিকানা কলকাতার এই শিবির । যেন একটুকরো 'ভারত' । তাঁদের মধ্যে একজন হলেন রামনাথ ৷

Gangasagar mela
দেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে এসেছেন (নিজস্ব ছবি)

তাঁর কথায়, প্রয়াগরাজের বাসিন্দা হলেও তাঁর কুম্ভ স্নান করা হয়নি এখনও । ইচ্ছে ছিল অনেকদিনের আগে গঙ্গাসাগর আসবেন । কপিলমুনির আশ্রমে স্নান পুজো দেবেন । সংক্রান্তিতে স্নান সারবেন । সেটা হয় ওঠেনি নানা কারণে । তবে সেই ইচ্ছে দমেনি । বয়স বেড়েছে ধীরে ধীরে দুর্বল হয়েছে শরীর । তবে হাঁটার শক্তি আছে । বয়স 80 ছুঁতে চলেছে । আর কত দিন জীবিত থাকবেন সেটা জানেন না । তাই শেষ জীবনে ইচ্ছেপূরণ করতে শেষমেষ সড়কপথে একদল পুণ্যার্থীর সঙ্গে তিনি ও তাঁর স্ত্রী গঙ্গাসাগরমুখী । শনিবার এসে পৌঁছেছেন কলকাতার বাবুঘাটে ।

Gangasagar mela
কলকাতার শিবিরে ধিক ধিক করছে পুণ্যার্থীদের ভিড় (নিজস্ব ছবি)

আর কয়েকদিন বাকি সংক্রান্তির । আর তার আগে শনিবার কলকাতার শিবির যেন উপচে পড়ছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ পুণ্যার্থীর ভিড়ে । চলছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের তৈরি লঙ্গরখানায় ভোজন । কোথাও খিচুড়ি, তো কোথাও ভাত ডাল, আবার কোথাও সবজি পুরি । ভিন্ন ধরনের খাবার পরিবেশন চলছে একাধিক জায়গায় । খাওয়া বিনামূল্যে তারপর ছোট ছোট তাঁবুতে কিংবা বাসের সিটে রাত্রিযাপন । রবিবার সকাল থেকেই সব রওনা হবেন সাগরে ।

Gangasagar mela
খাবারের ব্যবস্থা রয়েছে শিবিরে (নিজস্ব ছবি)

শিবিরের একাধিক জায়গায় ঘাঁটি গেড়েছে সাধু সন্তরাও । চলছে যজ্ঞের পালা । থিক থিক করছে ভিড় । রাজস্থানের সুশীলা দেবী থেকে উত্তরপ্রদেশের চম্পারানি দেবী, বিভিন্ন রাজ্যের মানুষজনের সহাবস্থান ঘটেছে এইখানে ।

Gangasagar mela
সাধু সন্তদের ভিড় শিবিরে (নিজস্ব ছবি)

আর এই শিবিরকে কেন্দ্র করে শুরু হয়েছে বাইরে ও ভিতরে মেলা । অসংখ্য ছোট ছোট হকার নিয়ে বসেছে পসরা । কেউ শাড়ি, কেউ ব্যাগ, কেউ বেল্ট, খেলনা, সিঁদুর, কম্বল, দেবদেবীর ছবি সবটাই বিক্রি হচ্ছে ।

Gangasagar mela
শিবিরকে কেন্দ্র করে শুরু হয়েছে মেলা (নিজস্ব ছবি)