ETV Bharat / state

প্রশাসনের অনুমতি ছাড়াই বাবরি মসজিদ নির্মাণের কাজ ! হাইকোর্টে জনস্বার্থ মামলা

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে ৷ কিন্তু তার জন্য জেলা প্রশাসনের অনুমতি নেননি বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন ৷

Babri Masjid Controversy
বাবরি মসজিদ বিতর্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 10, 2025 at 7:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 ডিসেম্বর: জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির ৷ মুর্শিদাবাদের ভরতপুরের এই নেতাকে অবিলম্বে মসজিদ নির্মাণ বন্ধের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট ৷ এই আর্জিতে বুধবার জনস্বার্থ মামলা দায়ের হল রাজ্যের উচ্চ আদালতে ৷ আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে ৷

মামলাকারীর বক্তব্য, বাবরি মসজিদ এই নামটির সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদ-রামজন্মভূমি বিতর্ক জড়িত ৷ এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হতে পারে ৷ সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে ৷ এছাড়া হুমায়ুন জেলা প্রশাসনের অনুমতি না-নিয়ে কীভাবে এই নির্মাণের কাজ করছেন বলে প্রশ্ন তুলেছেন মামলাকারী ৷

তাঁর এই পদক্ষেপে ভারতীয় সংবিধানে 14, 21 ও 25 নম্বর ধারায় যে মৌলিক অধিকার প্রদান করা হয়েছে, তা লঙ্ঘিত হবে ৷ তাই অবিলম্বে আদালত এই মসজিদ নির্মাণের উপর স্থগিতাদেশ দিক ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে ৷

6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিনেই মুর্শিদাবাদে এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করছিলেন হুমায়ুন ৷ এর মধ্যে গত 4 ডিসেম্বর তাঁকে বহিষ্কার করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ এই ঘটনাকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা যেন না-ঘটে, তাই অনুষ্ঠান বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলায় রাজ্য প্রশাসনকে কড়া হাতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ ৷ আলাদা করে মামলায় হস্তক্ষেপ করেনি আদালত।

মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, কয়েকমাস আগে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছিল ৷ তার পর থেকে সংবেদনশীল এলাকাগুলিতে 19 কোম্পানি সিআইএসএফ মোতায়েন রয়েছে ৷ পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা বজায় রাখায় তৎপর বলে জানানো হয় ৷ এরপর আদালত আর এ বিষয়ে কোনও নির্দেশ দেয়নি ৷ এই বেঞ্চে ফের জনস্বার্থ মামলা দায়ের হল ৷

হুমায়ুন কবির বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে এবং সোশাল মিডিয়ায় বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে চলেছিলেন ৷ এমনকী শহিদ হতে হলেও বাবরি মসজিদ নির্মাণ তিনি করবেন এমনই অঙ্গীকার করেছেন ৷ এই আবহে হুমায়ুন জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে । মসজিদ নির্মাণ শুরুর একদিন আগে এক লক্ষ কণ্ঠে কোরান পাঠ হবে ।