ETV Bharat / state

রক্তপাতহীন হোক ভোট, বিশেষ মনিটরিং কমিটির দাবি ! হাইকোর্টে জনস্বার্থ মামলা

2021-এর বিধানসভা নির্বাচনের হিংসার তথ্য তুলে ধরে জনস্বার্থ মামলা দায়ের ৷ মামলায় উঠে এসেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের প্রসঙ্গও ৷

PIL OVER ASSEMBLY ELECTIONS
কলকাতা হাইকোর্ট ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 1:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনে 'রক্তপাতহীন' ভোটের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করলেন এক আইনজীবী ৷ আবেদন মঞ্জুর করে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ ৷

মামলাকারী আইনজীবী আদালতে অভিযোগ করেছেন, 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি ৷ অতীতের নির্বাচনী হিংসার প্রেক্ষাপটে অবাধ, সুষ্ঠু ও রক্তপাতহীন ভোট করাতে পর্যাপ্ত পদক্ষেপ করুক আদালত ৷ আর সেই দাবিতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা এবং পুরো নির্বাচনের উপর নজরদারি চালাতে উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ মনিটরিং কমিটি গঠনের দাবি জানানো হয়েছে হাইকোর্টের কাছে ৷

আইনজীবীর দায়ের করা মামলায়, বিগত কয়েকটি নির্বাচনে প্রাক-ভোট ও ভোট পরবর্তী হিংসা গণতান্ত্রিক পরিবেশকে কলঙ্কিত করেছে বলেও অভিযোগ করা হয়েছে ৷ প্রাণহানি, অগ্নিসংযোগ, ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতন এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর মতো একাধিক ঘটনার উল্লেখ করেছন তিনি ৷

সেই সঙ্গে উঠে এসেছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটেছিল ৷ যার জেরে বহু মানুষের মৃত্যুর পাশাপাশি অনেককে ঘরছাড়া হতে হয়েছিল । এমনকি বিষয়টি একসময়ে কলকাতা হাইকোর্ট পৌঁছে যায় ৷ আদালতের হস্তক্ষেপের পর পুলিশ ঘরছাড়াদের ফিরিয়ে আনে ৷ এমনকী গোটা ঘটনায় নারী নির্যাতন ও খুনের অভিযোগে পাঁচ বিচারপতির বেঞ্চ সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছিল ৷

এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে, প্রতিটি স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর ভোট কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানানো হয়েছে জনস্বার্থ মামলায় ৷ আবেদন বলা হয়েছে, সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা ও বাধ্যতামূলক ভিডিয়োগ্রাফির নির্দেশ দিক আদালত ৷ রাজনৈতিক হিংসা এবং লিঙ্গ, ধর্ম বা জাতিভিত্তিক হিংসা রোধে বিশেষ সুরক্ষা ব্যবস্থা করা হোক, এই আবেদন জানানো হয়েছে ৷

উল্লেখ্য, 2021 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে ব্যাপক রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের 50 জনেরও বেশি কর্মী সমর্থককে ৷ বিরোধী রাজনৈতিক দলের সমর্থক, বিশেষত কয়েক হাজার বিজেপি সমর্থককে ঘরছাড়া হতে হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ এবার যাতে সেইরকম কোনও ঘটনা না-ঘটে, সেই দাবি জানানো হয়েছে ৷