এক দশক পর পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি, হাইকোর্টে মামলা
কলকাতা পুরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার আবেদনকারী ৷ মামলার পরবর্তী শুনানি বুধবার ৷

Published : December 12, 2025 at 3:55 PM IST
কলকাতা, 12 ডিসেম্বর: এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি দিয়েছে কলকাতা পুরনিগম ৷ কোন যুক্তিতে অনুমতি দেওয়া হল, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। শেষবার পার্ক সার্কাস ময়দানে সার্কাসের আয়োজন হয়েছিল 2014 সালের ডিসেম্বরে ৷
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আবেদনকারীর দাবি, অতীতে দূষণের প্রশ্নে পার্ক সার্কাস ময়দানে বইমেলার অনুমতি দেয়নি হাইকোর্ট ৷ এ কথা জানার পরও কেন প্রায় দু'মাস ধরে সার্কাস করার অনুমতি দিল পুরনিগম ? আবেদনকারীকে নিজের বক্তব্য সবিবস্তারে জানাতে নির্দেশ দিয়েছে আদালত ৷ মামলার পরবর্তী শুনানি বুধবার ৷
1 ডিসেম্বর থেকে পার্ক সার্কাস ময়দানের একদিকে এই সার্কাস করার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে। চলবে প্রায় দু'মাস। মামলাকারীর অভিযোগ, হাইকোর্টের আগের নির্দেশ থেকে শুরু করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি-কোনও কিছু না-মেনেই অনুমতি দিয়েছে পুরনিগম। এমতাবস্থায় আদালত হস্তক্ষেপ করুক। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের প্রশ্নে কলকাতা পুরনিগম জানায় তারা ওই অনুমতি দিয়েছে। এরপরই হাইকোর্ট মামলাকারীর আইনজীবীকে নির্দেশ দিয়েছে, হলফনামা দিয়ে জানাতে হবে তিনি ঠিক কী চান ৷ এরপর বিস্তারিত শুনানি হবে আদলতে ৷
বেশ কয়েক বছর আগে কলকাতা ময়দান থেকে বইমেলা সরে যায় এই দূষণের প্রশ্নেই ৷ ময়দান থেকে মেলা স্থানান্তরিত হয় পার্ক সার্কাসে ৷ সেখানেও মেলা ঘিরে পরিবেশ দূষণের আশঙ্কা নিয়ে দায়ের হয় মামলা ৷ 2008 সালে হাইকোর্ট পার্ক সার্কাস ময়দান থেকে মেলা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ আদালতের সেই পুরনো নির্দেশকে হাতিয়ার করেই এবার পার্ক সার্কাস ময়দানে সার্কাসের অনুমতি নিয়েও উঠল প্রশ্ন ৷
গত দু'দশকেরও বেশি সময় ধরে মহানগরের বুকে আয়োজিত একাধিক মেলা ও উৎসবের জায়গা নিয়ে বিতর্ক হয়েছে ৷ তার জেরে একাধিকবার ঠাঁইনাড়া হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলার বৌদ্ধিক উৎকর্ষতার অন্যতম বড় বিজ্ঞাপন হয়ে ওঠা কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা ৷ প্রথমে কলকাতা ময়দান থেকে পার্ক সার্কাস পরে সল্টলেক স্টেডিয়াম ও বাইপাসেরর ধারের মিলন মেলা হয়ে আপাতত সল্টলেকের সেন্ট্রাল পার্কে উঠে গিয়েছে বইমেলা ৷
কলকাতার সঙ্গে সার্কাসের সম্পর্ক বহু বছরের ৷ দেশের মধ্যে কলকাতাতেই প্রথম সার্কাসের পথ চলা শুরু হয় ৷ একসময় রাশিয়ার পাশাপাশি আরও বিভিন্ন দেশের সার্কাস কলকাতার মন জয় করেছে ৷ সময়ের হাত ধরে দর্শকের সংখ্যা খানিকটা কমলেও সার্কাস ঘিরে উন্মদনা রয়েছে কলকাতার ৷ এবার সেই শহরেই সার্কাসের অনুমতি দিয়ে প্রশ্নের মুখে কলকাতা পুরনিগম ৷

